১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নাকচ

গত ১৮ জুন আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2026, 05:01 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

প্রতারণা ও জালিয়াতির মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরের জামিন নাকচ করে দিয়েছে আদালত।

রোববার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।

এদিন আসামির জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন।

তিনি দাবি করেন, সময় মিডিয়া লিমিটেডের মালিকানা ও পরিচালনা নিয়ে চলমান বিরোধের জেরে প্রতিশোধমূলকভাবে এই মামলা করা হয়েছে।

শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে দেন বিচারক।

প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং কাগজপত্র জালিয়াতির অভিযোগে আহমেদ জোবায়েরসহ ছয় জনের বিরুদ্ধে গত ১০ মে এ মামলা দায়ের করেন সৈয়দ আসাদুজ্জামান নামের এক ব্যক্তি।

অপর আসামিরা হলেন—আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, মেয়ে সারাফ নাওয়ার জয়ীতা, ছেলে আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী।

আসামিদের ১৭ জুন আদালতে হাজির হতে সমন জারি করে আদালত। কিন্তু তারা হাজির না হওয়ায় সেদিন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পরদিন চারজন আত্মসমর্পণ করে জামিন চাইলে আহমেদ জোবায়েরের জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। তবে সেদিন জামিন পান আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী।