এটিএন বাংলার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্থানীয় সরকার ও তথ্যমন্ত্রী
“এটিএন বাংলাও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা আগের মতই অক্ষুণ্ন রাখবে, এটাই প্রত্যাশা,” বলেন স্থানীয় সরকারমন্ত্রী।
পথচলার ২৯ বছর পূর্ণ করেছে টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা।
বুধবার এ উপলক্ষে টিভি স্টেশনটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
ফখরুল ইসলাম আলমগীর এসময় বলেন, বাংলাদেশে রাজনীতি ও গণতন্ত্রের সুবাতাস বইছে। এটিএন বাংলাও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা আগের মতই অক্ষুণ্ন রাখবে, এটাই প্রত্যাশা।
জহির উদ্দিন স্বপন বলেন, “এটিএন বাংলার তার দীর্ঘ যাত্রাপথে অসংখ্য দর্শকের ভালোবাসা অর্জন করেছে। আশা করি যুগের চ্যালেঞ্জকে মোকাবিলা করে এটিএন বাংলা আরো এগিয়ে যাবে।”
এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ, সিনিয়র সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন আহমেদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
