২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘ছাত্রলীগ নেতা’ হিসেবে গ্রেপ্তার ফটো সাংবাদিককে ছেড়ে দিয়েছে পুলিশ

রাত সাড়ে ১০টার দিকে এক সহকর্মীর জিম্মায় তাকে ডিবি পুলিশ ছেড়ে দিয়েছে, বলেন তার আরেক সহকর্মী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2024, 10:13 AM

Updated : 10 Sep 2026, 12:22 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা ও মারধরের অভিযোগে আটক ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের ফটোসাংবাদিক মেহেদি হাসান সাগরকে এক সহকর্মীর জিম্মায় ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ।

নামের মিল থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ভেবে এ ফটো সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করে আসছিলেন তার সহকর্মীরা।

বৃহস্পতিবার রাতে ঢাকার ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক আলী আসিফ শাওন বলেন, মেহেদিকে রাত সাড়ে ১০টার দিকে এক সহকর্মীর জিম্মায় ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ।

এর আগে রাজধানীর কাকরাইল থেকে দিনের বেলা ফটো সাংবাদিক মেহেদিকে গ্রেপ্তারের তথ্য দিয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পুলিশের ভাষ্য, মেহেদি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা একটি মামলার আসামি।

তবে তার সহকর্মীদের দাবি, যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটির আসামি মুজিব হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান সাগর। তবে পুলিশ ধরেছে একই নামের ফটোসাংবাদিক মেহেদিকে যিনি ওই হলের ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। তবে পূর্ণকালীন এই পেশাদার ফটো সাংবাদিক হলে সিট পাওয়ার জন্য একসময় ‘নামেমাত্র হল’ শাখা ছাত্রলীগে নাম লিখিয়েছিলেন।

ঢাকা ট্রিবিউনসহ মেহেদির অন্য সহকর্মীরা বলছেন, মেহেদি জুলাই-অগাস্টের আন্দোলনের পুরোটা সময় দেশি-বিদেশি সংবাদমাধ্যমে ফটো সাংবাদিক হিসেবে কাজ করেছেন। ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের পাশাপাশি অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও আরও কয়েকটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার হয়ে কাজ করেন।

সাগরকে গ্রেপ্তারের বিষয়ে সোমবার সন্ধ্যায় ডিএমপির জনসংযোগ বিভাগের পাঠানো বার্তায় বলা হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হল ছাত্রলীগ শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সাগরকে রাজধানীর কাকরাইল থেকে আজ সন্ধ্যায় গ্রেপ্তার করেছে ডিবি।”

পরে ভুল ব্যক্তিকে গ্রেপ্তার করা নিয়ে ঢাকা ট্রিবিউনের সহকর্মী ও বন্ধুদের দাবির বিষয়ে জানতে চাইলে ডিএমপির জনসংযোগ বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেহেদির নামে শাহবাগ থানায় মামলা আছে। এখন ওরা (ঢাকা ট্রিবিউন) যেটা ক্লেইম করেছে, সেটা যাচাই-বাছাই চলছে।”

আরও পড়ুন:

আন্দোলনে হামলা: ঢাকায় এক ফটোসাংবাদিক গ্রেপ্তার, পুলিশ বলছে ছাত্রলীগ নেতা