২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আরো ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

সাত কার্যদিবসের মধ্যে তাদের ব্যাংক হিসাবের তথ্য বিএফআইইউতে পাঠাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2025, 02:33 PM

Updated : 01 Sep 2026, 09:45 PM

আরো ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

তাদের ব্যাংক হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি সাত কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়া হয়েছে।

একটি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ওই চিঠি পাওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রধান সম্পাদক ও সিইও এম শামসুর রহমান, দৈনিক জাতীয় অর্থনীতির সম্পাদক এমজি কিবরিয়া চৌধুরী, একুশে সংবাদ ডটকমের সম্পাদক জিয়াদুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মো. রুহুল আমিন রাসেল, বাংলাদেশ প্রতিদিনের উপ-সম্পাদক মাহমুদ হাসানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।  

সাবেক প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার, ডিবিসি নিউজের বার্তা প্রধান প্রণব সাহা, ইন্ডিপেন্ডেন্ট টিভির বার্তা প্রধান মামুন আবদুল্লাহ,  এস এ টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, আমাদের সময় ডটকম ও আমাদের অর্থনীতির চিফ রিপোর্টার দীপক চৌধুরী, একুশে টিভির হেড অব ইনপুট অখিল কুমার পোদ্দার, দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি আঙ্গুর নাহার মন্টি, এস এ টিভির নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চনের নামও আছে তলবের তালিকায়।

এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টিভির স্পেশাল করেসপন্ডেন্ট অনিমেষ কর, বাসসের সিনিয়র রিপোর্টার শাহনাজ সিদ্দিকী, সমকালের সাংবাদিক রামা প্রসাদ, দৈনিক খোলা কাগজের সিনিয়র রিপোর্টার জাফর আহমেদ, একাত্তর টিভির সাংবাদিক ঝুমুর বারী ও একুশে টিভির সাংবাদিক রাশেদ চৌধুরীর ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। 

এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর আরো ১২ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছিল বিএফআইইউ। 

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতা–কর্মীসহ অনেক পেশাজীবীর ব্যাংক হিসাব তলব ও অবরুদ্ধ করছে বিএফআইইউ।