Published : 16 Sep 2022, 03:33 PM
উপায় জানা থাকলে পার্লারে যাওয়া লাগে না। ঘরেই করা যায় ত্বকের যত্ন।
রোদে পোড়াভাব, ব্রণ ছাড়াও খাদ্যাভ্যাস ও ওজন বৃদ্ধির কারণে গলা, ঘাড়, হাত পা ইত্যাদি স্থানে কালোভাব দেখা দিতে পারে।
ঘরোয়াভাবে প্রাকৃতিক কিছু উপকরণ ব্যবহারের মাধ্যমে এমন কালচেভাব ও কালো দাগ দূর করা সম্ভব বলে জানান ভারতের ‘টেন্ডার স্কিন ইন্টারন্যাশনাল’য়ের প্রতিষ্ঠাতা ও ত্বক বিশেষজ্ঞ সোনিয়া টেকচান্দানি।
টাইমসঅবইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেন, “প্রাকৃতি উপাদান দিয়ে ত্বক পরিচর্যার সুবিধা হল, এতে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কম।”
টমেটো: ভিটামিন সি, ভিটামিন কে এবং লাইকোপেনে ভরপুর যা অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস। আর ত্বক উজ্জ্বল করতে ভূমিকা রাখে।
টমেটো টুকরা করে কেটে এর রস আলাদা করে আক্রান্ত স্থানে মেখে নিতে হবে। ১০ মিনিট অপেক্ষা করে ভেজা পাতলা কাপড় দিয়ে তা মুছে নিতে হবে। এরপর ময়েশ্চারাইজার ব্যবহার করে নিতে হবে।
চাইলে আক্রান্ত স্থানে টমেটোর টুকরা কিছুক্ষণ মালিশ করে নেওয়া যেতে পারে। সপ্তাহে তিনবার ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যাবে।
দুধ: রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা দাগ ছোপ কমায় এবং ত্বক পরিষ্কার করে উজ্জ্বলভাব ফুটিয়ে তোলে।
দুই টেবিল-চামচ কাঁচা-দুধ একটা পাত্রে নিয়ে তাতে তুলার বল ডুবিয়ে ত্বক মুছে নিতে হবে। দাগাক্রান্ত স্থানে কিছুক্ষণ তুলার বলটি চাপ দিয়ে ধরে গোলাকারভাবে হালকা মালিশ করে নিতে হবে। দশ মিনিট অপেক্ষা করে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
সপ্তাহে দুবার ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যাবে।
পেঁপে: খুব ভালো এক্সফলিয়েটর, যা দাগ দূর করতেও সহায়তা করে। এতে আছে এএইচএ যা ত্বকের উপরের স্তরের মৃত কোষ দূর করে ত্বক উজ্জ্বল করে।
এক কাপ পাকা পেঁপে ত্বকে মাস্কের মতো মেখে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
সপ্তাহে দুবার পাকা পেঁপে এক্সফলিয়েটর হিসেবে ব্যবহার করা যায়।
হলুদ গুঁড়া: শক্তিশালী গুণ সম্পন্ন হলুদ-গুঁড়া ত্বকের দাগ কমাতে উপকারী। নিয়মিত ব্যবহারে ত্বকে উজ্জ্বলভাব ফুটে ওঠে এবং বর্ণের ভারসাম্য বজায় থাকে।
এক চা-চামচ গলুদ গুঁড়া, কয়েক ফোঁটা লেবুর রস এবং এক চা-চামচ কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে ত্বকে মেখে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে।
প্রতিদিন এই মাস্ক ত্বকে ব্যবহারে ত্বক দাগ ছোপ মুক্ত ও উজ্জ্বল হবে।
আরও পড়ুন