১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন সাজরিয়া তাবাসসুম প্রমা

জাপানের টোকিওতে অনুষ্ঠিত হতে যাওয়া ৬৪তম মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিযোগীর সঙ্গে বাংলাদেশের হয়ে লড়বেন প্রমা।

মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন সাজরিয়া তাবাসসুম প্রমা

সাজরিয়া তাবাসসুম প্রমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Oct 2026, 04:30 PM

Updated : 15 Oct 2026, 04:39 PM

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকা তুলে ধরতে যাচ্ছেন, সাজরিয়া তাবাসসুম প্রমা। তাকে আনুষ্ঠানিকভাবে ‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৬’ হিসেবে নির্বাচিত করা হয়েছে।

২৫ নভেম্বর জাপানের টোকিওর কানাদেভিয়া হলে (সাবেক টোকিও ডোম সিটি হল) অনুষ্ঠেয় ৬৪তম ‘মিস ইন্টারন্যাশনাল বিউটি প্যাজেন্ট’-এ তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বলে জানানো হয়, ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’-এর বিজ্ঞপ্তিতে।

মিস ওয়ার্ল্ড ও মিস ইউনিভার্সের পাশাপাশি, এটিকে বিশ্বের শীর্ষ তিনটি সৌন্দর্য প্রতিযোগিতার একটি হিসেবে বিবেচনা করা হয়।

৯ নভেম্বর জাপানের উদ্দেশ্যে রওনা হয়ে, সেখানে চূড়ান্ত প্রতিযোগিতার আগে তিনি বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিযোগীদের সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও প্রতিযোগিতামূলক আয়োজনে অংশ নিয়ে বাংলাদেশের সংস্কৃতি ও সম্ভাবনাকে তুলে ধরবেন।

দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্র্যান্ডের ফটো ক্যাম্পেইন ও ফ্যাশন শোতে অভিজ্ঞতায় থাকা প্রমা, এর আগে ২০২৪ সালে ভিয়েতনামে অনুষ্ঠিত ‘মিস অ্যান্ড মিস্টার সেলিব্রিটি ইন্টারন্যাশনাল’-এ অংশ নিয়েছিলেন।

পরিবেশ সুরক্ষায় বিশেষ প্রকল্প ‘ব্লু গার্ড বিডি’

এবারের বিশ্বমঞ্চে প্রমার মূল লক্ষ্য কেবল ব্যক্তিগত সৌন্দর্য প্রদর্শন নয়, বরং পরিবেশগত পরিবর্তনের সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়া।

এই প্রস্তুতির অংশ হিসেবে তিনি ‘ব্লু গার্ড বিডি’ নামক একটি পরিবেশবিষয়ক অ্যাডভোকেসি প্রকল্প পরিচালনা করছেন। বাংলাদেশের পানিসম্পদ ও পরিবেশ সুরক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করা এই উদ্যোগটি জাতিসংঘের সাতটি টেকসই উন্নয়ন অভীষ্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এই প্রকল্পটিকে আন্তর্জাতিক পরিসরে এগিয়ে নিতে প্রমার সঙ্গে যুক্ত হয়েছে সামাজিক প্রতিষ্ঠান ‘ফুটস্টেপস বাংলাদেশ’।

Image

আজরা মাহমুদ।

আজরা মাহমুদের নেতৃত্বে গ্রুমিং ও আন্তর্জাতিক প্রস্তুতি

২০২৪ সাল থেকে মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের ন্যাশনাল লাইসেন্সের দায়িত্বে আছেন দেশের ফ্যাশন ও সৌন্দয্য অঙ্গনের ব্যক্তিত্ব এবং আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি)-এর প্রতিষ্ঠাতা আজরা মাহমুদ।

র‌্যাম্পে হাঁটা, ব্যক্তিত্বের বিকাশ, যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে প্রমাকে আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুতি ও প্রমাকে নির্বাচন প্রসঙ্গে আজরা মাহমুদ বলেন, “প্রমা বাংলাদেশের নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করে— আত্মবিশ্বাসী, লক্ষ্যসচেতন এবং বিশ্বমঞ্চের জন্য প্রস্তুত। টোকিওতে তিনি যে সাবলীলতার সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করবেন, সেটা দেখার অপেক্ষায় আছি।”