গ্লাসের ভিতরে আকাশের মেঘ
গ্লাসের ভিতরে মেঘ বানিয়ে, প্রকৃতির মেঘ তৈরির ব্যাখ্যাটি তুমি সহজেই পেয়ে যাবে।
আচ্ছা তোমরা কি কখনও উঁচু পাহাড়ে গিয়েছো? মেঘেরও উপরে যেই পাহাড়গুলো? মাটিতে দাঁড়িয়েই যেখানে দিব্যি মেঘ ছুঁয়ে ফেলা যায়? বলতে পারবে সেই পাহাড়গুলোর তাপমাত্রা কীরকম? সমতলভূমিতে যখন গরমে সবার জান হাঁপিয়ে উঠে সেই পাহাড়গুলিতে তখনও বেশ হাড় শিরশির করা শীত।
এই শীতটা বা কম তাপমাত্রাটাই মেঘের জন্মের জন্য দায়ী। কীভাবে জানো? নিচে সমতলভূমিতে যখন গরম পরে তখন সমতলভূমির জলের উৎসগুলি যেমন নদী, সাগর, হাওর, বিল, ছোট পুকুর ইত্যাদির পানির উপরের অংশ গরম হয়ে জলীয়বাষ্প হয়ে যায়। জলীয়বাষ্প ওজনে বেশ হালকা। এই হালকা বাষ্প সহজেই উপরের দিকে উঠে যায়। উপরের আবহাওয়া আবার বেশ ঠাণ্ডা, কনকনে। এই কনকনে ঠাণ্ডা আবহাওয়ায় গিয়ে জলীয়বাষ্পগুলি ঘনীভূত হয়ে মেঘ হয়ে যায়। মেঘ এমনিতে ঘনীভূত পানির কণা ছাড়া কিছুই নয়।
১। একটি কাঁচের গ্লাস
২। গরম পানি
৩। একটি জ্বলন্ত ম্যাচের কাঠি
৪। একটা পিরিচ
৫। বরফের টুকরো
যেভাবে করবো—
গ্লাসে গরম পানিটুকু নিবো। এবার সে পানিতে জ্বলন্ত ম্যাচের কাঠিটি নিভিয়ে ফেলে দিবো। ম্যাচের কাঠিটি ফেলার সঙ্গে সঙ্গেই পিরিচে বরফ নিয়ে পিরিচটি দিয়ে গ্লাসটি ঢেকে দিবো। দেখা যাবে গ্লাসটির ভিতরে ধোঁয়ার মতো মেঘ তৈরি হচ্ছে।
এখন আসো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করি মেঘটি কীভাবে হলো? আমরা গ্লাসে যে পানি নিয়েছিলাম সেই এমনিই গরম ছিল, জ্বলন্ত ম্যাচের কাঠিটি গ্লাসের পানি এবং পানির উপরের বাতাসকে আরও উত্তপ্ত করে ফেলে। গরম বাতাস ঘনত্ব হারিয়ে হালকা হয়ে যায়। হালকা বাতাসটি গ্লাসের উপরের দিকে উঠে যায়। উপরে সেই গরম বাতাস বরফের ব্যাগের সংস্পর্শে আসে। ফলে বাতাসটিও ঠাণ্ডা হয়ে যায়। ঠাণ্ডা বাতাস ঘনীভূত হয়ে মেঘের রূপ ধারণ করে।
দেখলে কত সহজে আমরা ছোট পরিসরে মেঘ তৈরি করে ফেললাম। এখন পানিতে একটু রঙ গুলে দেখো দেখি মেঘটিকে রঙিন করা যায় নাকি?
