এইম ইন লাইফ
আশ্চর্য এক বেলুনওয়ালার খোঁজ পেয়েছে কাজরি। সপ্তাহে অন্তত দুইদিন আসেন এই পাড়ায়।
স্কুলে উপরের ক্লাসের ছাত্র-ছাত্রীরা নিজের জীবনের লক্ষ্য হিসেবে কত কথাই না বলে! কেউ চিকিৎসক হতে চায়, কেউ প্রকৌশলী; কেউবা স্রেফ ভালো মানুষ! পরের উপকার করে জীবন কাটিয়ে দেওয়ার ইচ্ছাও জানায় কেউ কেউ।
কাজরি ছোট ক্লাসে পড়ে। তার বইয়ে ‘তোমার জীবনের লক্ষ্য’ বা ‘এইম ইন লাইফ’ রচনা নেই। যদি থাকত, শিক্ষককে সোজাসাপটা বলে দিত, বেলুন বিক্রেতা হতে চাই।
আশ্চর্য এক বেলুনওয়ালার খোঁজ পেয়েছে কাজরি। সপ্তাহে অন্তত দুইদিন আসেন এই পাড়ায়। তার হাঁক-ডাক শুনতে কী ভালোটাই না লাগে! এই বেলুন নেবে... বেলুন! উড়ন্ত বেলুন, ছুটন্ত বেলুন, হাঁটন্ত বেলুন, সুন্দরী বেলুন, বান্দর বেলুন...।
জমানো টাকা থাকলে কাজরি ঠিকই একটা বেলুন কিনে নেয়। তারপর বাসার সামনে ওড়ায় মজা করে। ঘুরেফিরে সব বেলুন একই। তবে সব বেলুনওয়ালা একরকম নয়। এই বিক্রেতার হাতের সুতোয় ধরা থাকে অনেক বেলুন।
মাঝে-মধ্যে মন চাইলে তিনি দুই হাতে বেঁধে রাখা বেলুনের সুতো ধরে আকাশের দিকে উঠে যান। বেলুনগুলো উড়িয়ে নেয় তাকে। তারপর মনের আনন্দে আকাশে ঘুরে বেড়ান। সটান দাঁড়িয়ে থাকেন। তবে অবস্থাটা থাকে নাচের মতো, মনের আনন্দে ফুল-পাখিরা যেভাবে নাচে তেমন।
উড়তে উড়তে ঘুরতে ঘুরতে হঠাৎ টুক করে এক জায়গায় নেমেও পড়েন। আবার বুলি ছাড়েন, বেলুন নেবে গো, বেলুন। লাল বেলুন, নীল বেলুন, সাদা বেলুন, গোলাপি বেলুন, হরেক রকম বেলুন...। দিনের পর দিন কাজরি অবাক হয়ে দেখে বেলুনওয়ালার এমন মজার কাণ্ড। আর ভাবে, তার যদি শত শত বেলুন থাকত, সেও আকাশ থেকে একপাক ঘুরে আসতে পারত। কী মজাটাই না হতো তখন!
অবশ্য বেলুন থাকলেই আকাশে ওড়া যায় কিনা জানে না কাজরি। অন্য কোনো বেলুন বিক্রেতাকে কখনো আকাশ ভ্রমণ করতে দেখেনি সে। ওর সমস্ত আগ্রহ এই একজন বেলুনওয়ালাকে ঘিরে। আশ্চর্য বেলুনওয়ালা কি স্বপ্নের জগৎ থেকে আসেন! তাকে পৃথিবীর মানুষ মনে হয় না। তার কথাবার্তাও ভিন্ন রকম।
অন্যদিনের মতো যথারীতি আজও বেলুনওয়ালা এসেছেন। কোত্থেকে যেন উড়ে এসে নামলেন কাজরিদের বাসার সামনেই। কাজরি কীভাবে যেন বুঝতে পেরেছিল বেলুনওয়ালা আজ আসবেন। ওর মন খারাপ। বেলুন কেনার টাকা নেই। সেটা বুঝতে পেরেই বোধকরি বেলুনওয়ালা বললেন, কী খুকি, মন খারাপ কেন?
কাজরি বলল, খুকি আমার খালাতো বোনের নাম। আমার নাম কাজরি।
তো কাজরির কী হয়েছে?
বেলুন কেনার টাকা নেই। আমার যদি অনেক টাকা থাকত, তোমার সব বেলুন কিনে নিয়ে আকাশে উঠে যেতাম। কখনো নামতাম না আর।
বোকা মেয়ে! আকাশে কি বাবা-মা থাকে? খোকা-খুকি থাকে!
তাহলে কি আমি উড়তে পারব না?
নিশ্চয়ই পারবে। তার জন্য জাদু জানা লাগবে।
জাদু! জাদুটোনা?
না। শুধু জাদু। ম্যাজিক।
আমাকে ওড়ার জাদুটা শিখিয়ে দেবে, বেলুন কাকু?
শিখিয়ে দিলে তুমি আকাশে উড়তে উড়তে... উড়তে উড়তে... মেঘেদের দেশে চলে যাবে। ফিরতে পারবে না আর।
না ফেরাই তো ভালো। তোমার অচিনপুরে হারিয়ে যেতে ইচ্ছে করে না?
না। আমি চিনপুরে মানে পরিচিত ভুবনে থাকতে চাই। দেখতে চাই সুন্দর পৃথিবী আর সুন্দর মানুষগুলোকে। আর পরিবারের মানুষ সঙ্গে না থাকলে প্রকৃতপক্ষে কোনো কিছুই সুন্দর নয়।
ও বাবা!
ঠিকই বলেছি। তুমি নিজেও একজন সুন্দর মানুষ।
আমি যেতে চাই অন্য গ্রহে, নতুন দেশে।
তুমি চলে গেলে বাবা-মা কাঁদবে না? আমার বেলুন কিনবে কে?
গালে আঙুল ঠেকিয়ে চিন্তা করার ভঙ্গিতে কাজরি বলল, ঠিকই বলেছ, বেলুন কাকু। সেখানে আমার বাবা-মাকে নিয়ে যাওয়ার সুযোগ নেই?
হাসালে তুমি, খুকি! সবাই যদি চলে যায় দেশটাকে দেখে রাখবে কে? দেশের কাজগুলো কে করবে!
আমার বোন খুকি থাকবে তো!
পরক্ষণেই মুখ ভার করে ফেলল কাজরি। ওরা যদি চলে যায় খুকির সঙ্গে কখনো দেখা হবে না।
গোমড়া মুখ দেখে এবার বেলুনওয়ালা বললেন, চলো, তোমার মন ভালো করে দিই।
কীভাবে?
আকাশ থেকে একটু উড়িয়ে আনব তোমাকে।
আনন্দে চিৎকার করে উঠল কাজরি, সত্যি বলছ, বেলুন কাকু?
নিজ চোখেই দেখতে পাবে। তুমি বেলুনের সুতোগুলো ধরো।
কথামতো বেলুনের সুতো মুঠো করে ধরল কাজরি। মুহূর্তের মধ্যে বেলুনগুলো তাদের উড়িয়ে নিয়ে চলল। মাঠ ঘাট হাট পেরিয়ে, সমুদ্র নদী নালা হাওর বাঁওড় ডিঙিয়ে বহুদূরে।
খুব ভালো লাগছে কাজরির। আকাশে উড়তে পারায় এত আনন্দ! ওর ঝলমলে মুখের দিকে তাকিয়ে বেলুনওয়ালা জিজ্ঞেস করলেন, মন খারাপ অবস্থা দূর হয়েছে?
কবেই! আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে... মনে হচ্ছে...।
কী মনে হচ্ছে পরিষ্কারভাবে বলতে পারল না কাজরি। ওরা তখন বড় একটি জলাশয়ের উপর দিয়ে যাচ্ছিল। নিচে চরে বেড়াচ্ছিল শত শত সাদা হাঁস। হাঁসেরা সমস্বরে বলল, কাজরি, আমাদের এখানে বেড়াতে আসবে না?
অবাক কাজরি বলল, তোমরা কি মানুষের মতো কথা বলতে পারো? আর আমার নাম জানলে কীভাবে?
সমস্বরে জবাব এলো, আমরা তোমার সব জানি। তুমি যে খুকিকে সবচেয়ে বেশি ভালোবাসো সেটাও জানি! এখন নিচে নেমে এসো। আমাদের স্বর্গরাজ্য থেকে বেড়িয়ে যাও।
আজ নয়। আরেকদিন আসব ডিঙি নৌকা নিয়ে।
নৌকা লাগবে না। তুমি আমাদের পিঠে চড়ে বেড়াবে। আমরাই হবো তোমার ময়ূরপঙ্খি নাও।
সেটাও আজ নয়। বেলুন কাকুর সঙ্গে কথা হয়েছে। কিছুক্ষণ মধ্যেই আমরা মেঘের দেশে যাব।
আরও কিছুটা দূরে যেতেই দশাসই একটা বোয়াল মাছ হাওরের পানির নিচ থেকে মাথা তুলল। বলল, কী গো কাজরি, আমাদের দেশে বেড়াতে আসবে না?
না গো মাছ ভাইয়া। আমরা এখন আকাশ ফুঁড়ে মেঘের রাজ্যে যাব।
যাও তাহলে। মেঘ-রাজাকে আমার শুভেচ্ছা দিও।
তারপর আকাশ ভেদ করে আরও উপরে উঠতে লাগল ওরা। উঠতে উঠতে... উঠতে উঠতে... একসময় মেঘেদের দেশে পৌঁছে গেল কাজরি ও বেলুনওয়ালা। ভেজা চুপচুপে সেই দেশ। চারদিকে কেমন যেন শীতল বাতাস। নীল-সাদা আকাশে কারা যেন বরফ লেপে দিয়েছে।
একটা মেঘ-খণ্ডের উপর বসে ভাসতে ভাসতে কাজরি ভাবল, ইশ, যদি খুকিকেও নিয়ে আসা যেত। কী দারুণ মজাটাই না হতো! ওর আনমনা ভাব লক্ষ্য করে বেলুনওয়ালা হেসে বললেন, এত সুন্দর এই দেশ। লুকিয়ে পড়ার চিন্তা করছ না তো!
লুকিয়ে আর কতদূরে যাব! মেঘেদের দেশে তো গাছপালা নেই। গাছ থাকলে চুপটি করে মগডালে উঠে যেতাম। তারপর লুকিয়ে পড়তাম সবুজ পাতার ফাঁকে!
