Published : 05 Jun 2023, 06:30 AM
প্রয়োজনের তাগিদে প্রতিদিন আমরা নানা ধরনের প্লাস্টিক ব্যবহার করি। এসব প্লাস্টিকের অনেক ধরণও রয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় একবার ব্যবহার্য বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক। অনেকে এটিকে ওয়ানটাইম প্লাস্টিকও বলে থাকে। সহজ কথায়, একবার ব্যবহার্য বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক হচ্ছে যে কোনো ধরনের প্লাস্টিকে তৈরি দ্রব্য, পণ্য বা পণ্যের মোড়ক যা আমরা সচারচর একবার ব্যবহার করে ফেলে দিয়ে থাকি।
পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়ে থাকে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের কারণে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপিয়ান কমিশন বেশ কিছু সিঙ্গেল ইউজ প্লাস্টিক পণ্যের একটি তালিকা করেছে।
সেগুলো হলো- কটনবাড স্টিক, প্লাস্টিকের ছুরি, চামচ, প্লেট, গ্লাস, স্টারার, বেলুন এবং এর সাথে যদি কোনো কাঠি থাকে, খাবারের মোড়ক, তরলপানীয় পানের জন্য কাপ, তরলপানীয়র কন্টেইনার, প্লাস্টিকের ব্যাগ, মোড়ক বা প্যাকেট, স্যানিটারি আইটেম ইত্যাদি।
সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা একবার ব্যবহার্য প্লাস্টিক আর রিসাইকেল করা যায় না। পুনরায় ব্যবহারযোগ্যতা না থাকায় এ প্লাস্টিক পরিবেশের ক্ষতিও করে অনেক।
ওই প্রতিবেদনে বলা হয়, সিঙ্গেল-ইউজ প্লাস্টিক পণ্যগুলো ব্যবহারের পর বেশিরভাগ ক্ষেত্রেই সরাসরি জমিতে এবং নদী, নালা, খাল, বিল, সাগর, মহাসাগরে জমা হয়। বলা হয়, সিঙ্গেল ইউজ প্লাস্টিক পণ্যের প্রায় ৭০ ভাগই এভাবে প্রকৃতিতে ছড়িয়ে পড়ছে। মাইক্রো, মেসো, ম্যক্রো ডেবরি হিসেবে পরিচিতি এসব প্লাস্টিকের অন্তিম গন্তব্য হলো সাগর-মহাসাগর।
পরিবেশকে এই ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষার জন্য আমাদের সচেতনতা জরুরি। তাই একবার ব্যবহার্য বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার কমাতে আমাদের উদ্যোগী হতে হবে।
যেখানে সেখানে প্লাস্টিকের প্যাকেট ফেলে দেওয়া উচিত নয়। পলিথিনের বদলে পাটের ব্যাগ ব্যবহার করা যেতে পারে। এতে করে বেঁচে যাবে আমাদের প্রকৃতি।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।