২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল দুইশ, সেপ্টেম্বরেই ১০৪

চলতি বছর ৬৭ হাজার ৩৬৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল দুইশ, সেপ্টেম্বরেই ১০৪

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 06:07 PM

Updated : 23 Sep 2026, 06:07 PM

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এই সময়ে এক হাজার ৮৬৮ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২০১ জনের মৃত্যু হল। এর মধ্যে সেপ্টেম্বরে প্রাণ গেছে ১০৪ জনের, যা মাসের হিসাবে চলতি বছরের সর্বোচ্চ।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭৩ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ১৭৯ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ৪০৫ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৭৮ জন, চট্টগ্রামে ৩১৭ জন, খুলনায় ২৮০ জন, ময়মনসিংহে ১১৩, রাজশাহীতে ১৫৬, রংপুরে ৫৯ এবং সিলেটে ৮ জন ভর্তি হয়েছেন।

বুলেটিনের তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় এক হাজার ৫৫৭ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

চলতি বছর ৬৭ হাজার ৩৬৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬২ হাজার ১১৭ জন হাসপাতাল ছেড়ে গেছেb।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।