২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে যুক্ত হলো ৪০ আইসিইউ শয্যা

“দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে,” বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে যুক্ত হলো ৪০ আইসিইউ শয্যা

ছবি: পিআইডি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 04:35 PM

Updated : 21 Sep 2026, 04:35 PM

সংকটাপন্ন রোগীদের সেবায় নতুন ইউনিট চালু হলো মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালে।

‘রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ার ও ইন্টারকনভেনশনাল পালমোলজি সেন্টার’ নামে এই ইউনিটে ৪০টি আইসিইউ শয্যা রয়েছে।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নতুন ইউনিট উদ্বোধন করেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উদ্বাধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালটি ২০০৫ সালে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করেন।

“দীর্ঘ ২১ বছর পর এখানে আইসিইউ সেবা সম্প্রসারণ করা হলো। নতুন আইসিইউতে ৪০টি শয্যা যুক্ত হয়েছে।”

মন্ত্রী বলেন, ‘‘সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক রোগী যেসব হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, সেসব হাসপাতালে বরাদ্দ বাড়ানো হচ্ছে।’’

কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের বিষয়ে মন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত। এতে অন্যদের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক হারুন অর রশীদ ও ড্যাবের সাধার সম্পাদক মো. জহিরুল ইসলাম শাকিল উপস্থিত ছিলেন।