হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, সংক্রামক এ ব্যাধির উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১১০৫ জন।
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর মধ্যে ঢাকা বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে মৃত্যু হয়েছে দুজনের।
সরকারের হিসাবে, গত ১৫ মার্চ থেকে সংক্রামক এ ব্যাধির উপসর্গ নিয়ে দেশে ৯৮০ জনের মৃত্যু হলো। এর বাইরে ১০১ জনের মৃত্যু হয়েছে, যাদের শরীরে হাম শনাক্ত হয়েছিল।
সেই হিসাবে, হাম ও হামের উপসর্গ নিয়ে প্রায় ছয় মাসে এক হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে, যাদের প্রায় সবাই শিশু।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৪২ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭২ জন।
এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৮, চট্টগ্রামে ৭৮, বরিশালে ৬০, খুলনায় ৪২ ও রংপুর বিভাগে ১৫ জন মারা গেছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এক হাজার ১৮৩ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে এক হাজার ১০৫ জন।
ঢাকা বিভাগে ভর্তি ৩৭১ জন, চট্টগ্রামে ২৪৩ , সিলেটে ১৫৫, বরিশালে ১২৪ , খুলনায় ১০৯, ময়মনসিংহে ৭২, রাজশাহীতে ২৮ ও রংপুরে ৯ জন ভর্তি হয়েছে।
এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬৩ হাজার ১৫৩। তাদের মধ্যে ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন হাসপাতাল ছেড়েছে।
আর দেশে হাম উপসর্গের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার ৬৩২। হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ২০ হাজার ৯৫১। এর মধ্যে গত ৩৪ ঘণ্টায় শনাক্ত হয় ১০০ জন।
হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না।
