Published : 13 May 2026, 06:42 PM
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আগামী অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান হয়েছে এক আলোচনা সভায়।
বুধবার 'বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের' এক আলোচনায় বক্তারা এ আহ্বান জানান।
‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অগ্রাধিকার: বাংলাদেশ প্রেক্ষিত’ শিরোনামে এ সভা আয়োজন করে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান— প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।
‘গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর’ (জিএইচএআই) এতে সহযোগিতা করে বলে প্রজ্ঞার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
প্রতিবছর ১৭ মে উচ্চ রক্তচাপ দিবস পালন করা হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ‘কন্ট্রোর্লিং হাইপারটেনশন টুগেদার’।
সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. এনামুল হক বলেন, “উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাজেট বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বরাদ্দকৃত বাজেটের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি।”
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’ অনুযায়ী দেশে শীর্ষ ১০টি রোগের তালিকায় এক নম্বরে রয়েছে উচ্চ রক্তচাপ।
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. খোরশেদ আলম বলেন, “কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ নিরবিচ্ছিন্ন করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এই কার্যক্রম ইতিবাচক ভূমিকা পালন করবে।”
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেলিন চৌধুরী বলেন, “তৃণমূল পর্যায়ে সবার জন্য বিনামূল্যে ওষুধ সরবরাহ নিশ্চিত হলে উচ্চ রক্তচাপ এবং মৃত্যুহার কমবে।”
ব্র্যাক জেমস পি গ্রান্টস স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক ডা. মলয় কান্তি মৃধা বলেন, “গবেষণাভিত্তিক প্রতিকার এবং প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করলে উচ্চ রক্তচাপ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।”
চ্যানেল ২৪ এর নির্বাহী পরিচালক জহিরুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক শাফিউন নাহিন শিমুল, চ্যানেল আইয়ের চিফ নিউজ এডিটর মীর মাশরুর জামান রনি, স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার গীতা রানী দেবী, বারডেম জেনারেল হাসপাতালের চিফ নিউট্রিশনিস্ট শামসুন্নাহার নাহিদ ও প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের সভায় বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মূল উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল। সভাপতিত্ব করেন জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস।