২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

তামাক নিয়ন্ত্রণে সচেতনতা বাড়লে এসডিজি অর্জনে সফলতা আসবে: জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ

তামাক নিষিদ্ধ করা বিষয়েও গুরুত্বারোপ করেছেন তিনি।

বিডিনিউজ২৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 11:37 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

তামাক নিয়ন্ত্রণে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বাড়ানো গেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সফলতা আসবে বলে মনে করেন জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণ, এনসিডি ও এসডিজি: বাংলাদেশের অগ্রগতি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তিনি। 

তামাক পণ্য নিয়ন্ত্রণের পাশাপাশি নিষিদ্ধ করা বিষয়ে গুরুত্ব দিয়ে অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, “তামাক নিয়ন্ত্রণ শুধু স্বাস্থ্য খাতের বিষয় নয়; এটি দেশের উন্নয়ন, অর্থনীতি ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত। এ বিষয়ে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক অঙ্গীকার বাস্তবায়ন করা গেলে তা এসডিজি অর্জনের পথকে সুগম করবে।”

সরকারের পাঁচ বছর মেয়াদি এসডিজি বিষয়ক কৌশলগত উদ্যোগ এগিয়ে নিতে তামাক ও নিকোটিন পণ্যের ক্ষেত্রে শক্তিশালী এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তোলা হয় গোলটেবিল বৈঠকে।

আলোচনায় বাংলাদেশ ক্যানসার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক বলেন, “ক্যানসার আক্রান্ত মানুষের কষ্ট আমাদের চোখের সামনে তামাকের ভয়াবহ পরিণতি তুলে ধরে। তামাকের ছোবল থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করতে হবে।”

আলোচনায় প্রজ্ঞার হেড অব প্রোগ্রামস হাসান শাহরিয়ার সার্বিক বিষয়ে মূল উপস্থাপনা তুলে ধরেন।

তিনি বলেন, “দেশে তামাক ব্যবহারজনিত রোগে বছরে প্রায় ২ লাখ মানুষ মৃত্যুবরণ করে, যা এসডিজির স্বাস্থ্য বিষয়ক লক্ষ্য-৩ অর্জনে অন্যতম বাধা হিসেবে কাজ করছে। দারিদ্র্য নির্মূল, খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি, মানসম্পন্ন শিক্ষা, লিঙ্গ সমতা, পরিবেশ, জলবায়ু ও জীববৈচ্যিত্র সংরক্ষণসহ এসডিজির প্রায় সবগুলো লক্ষ্য অর্জনে অন্তরায় হিসেবে কাজ করছে তামাক।”

আত্মার কো-কনভেনর নাদিরা কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- চ্যানেল ২৪ এর নির্বাহী পরিচালক জহিরুল আলম, ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমদ, আত্মা আহ্বায়ক মর্তুজা হায়দার লিটন এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।