২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ডেঙ্গু: হাসপাতালে আরও ৩২১ জন, মৃত্যু দুজনের

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়াল ১৪৩ জনে; হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৭০৫ জন।

ডেঙ্গু: হাসপাতালে আরও ৩২১ জন, মৃত্যু দুজনের
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2024, 07:48 PM

Updated : 26 Aug 2026, 10:33 AM

এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে গত এক দিনে দেশে দুইজনের মৃত্যু হয়েছে; এ সময়ে নতুন আক্রান্ত ৩২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ জনে। আর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে  দাঁড়াল ২৭ হাজার ৭০৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৬৬ জন, ঢাকা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহে ২২ জন, চট্টগ্রামে ১৯ জন, খুলনায় ১৫ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, সিলেটে বিভাগে ২৩ জন, বরিশালে ছয়জন ভর্তি হয়েছেন। রংপুর বিভাগে নতুন কেউ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়নি।

এছাড়া গত এক দিনে যে দুজনের মৃত্যু হয়েছে, তারা সবাই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

চলতি সেপ্টেম্বর মাসে বছরের আগের যে কোনো মাসের চেয়ে দ্বিগুণের বেশি রোগী ভর্তি হয়েছে। এ সময় মৃত্যুও হয়েছে বেশি। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু নিয়ে সারা দেশে ১৪ হাজার ৮৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৬০ জনের।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৪২ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৫২২ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৪২০ জন।

এ বছর ডেঙ্গু নিয়ে ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৪৮৬ জন। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হন ১২ হাজার ২১৯ জন। আর এ বছর ডেঙ্গুতে মৃত্যুর হিসাবে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০২ জন মারা গেছেন। ঢাকার বাইরের হাসপাতালে মারা গেছেন ৪১ জন।

এর আগে জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, এর মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, মৃত্যু হয় তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হন ৩১১ জন; মৃত্যু হয় পাঁচজনের। এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হন ৫০৪ জন, মৃত্যু হয়েছে দুইজনের।

মে মাসে ৬৪৪ জন হাসপাতালে ভর্তি হন, মৃত্যু হয় ১২ জনের। জুন মাসে ৭৯৮ জন হাসপাতালে ভর্তি হন, মারা যান আটজন। জুলাই মাসে ২ হাজার ৬৬৯ জন হাসপাতালে ভর্তি হন, এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়। অগাস্টে ৬ হাজার ৫২১ জন হাসপাতালে ভর্তি হন, এর মধ্যে ২৭ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

আরও পড়ুন-

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ২৭ হাজার ছাড়াল