হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫২৮ জন প্রাণ হারিয়েছে ঢাকা বিভাগে।
দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারি হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৮০ জনের মৃত্যু হল।
এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৭৫ জন। এছাড়া নিশ্চিতভাবে হাম নিয়ে মারা গেছে ১০৫ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে দুই জন এবং ঢাকা বিভাগে দুই জন মারা গেছে।
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫২৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০৬ জন, চট্টগ্রামে ১১৪, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৯, বরিশালে ৭০, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।
বুলেটিনে বলা হয়, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসাতালে এসেছে ৯৮৮ জন। এ সময়ে ৬১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৩ জন। এর মধ্যে রয়েছে ঢাকা বিভাগে ৩২৩ জন, চট্টগ্রামে ১৬৩, সিলেটে ১৪২, বরিশালে ৯৭, খুলনায় ৪০, ময়মনসিংহে ৫২। এছাড়া রংপুর ও রাজশাহীতে ৩৩ জন করে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১১ হাজার ৮৬৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২ লাখ ৩ হাজার ২৫৭ জন।
বুলেটিন অনুসারে, চলতি বছর হাম উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ৭০২। যার মধ্যে ২৪ হাজার ৩৫৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখে। যদিও হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।
