Published : 31 Aug 2026, 06:39 PM
দেশে গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। এসময়ে এইডিস মশাবাহিত এ রোগ নিয়ে আরও ১ হাজার ১৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ।
এর আগে চলতি বছরে একদিনে এক হাজার ৯৭ জন রোগী ভর্তির তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, সবশেষ চারজনসহ ডেঙ্গুতে চলতি বছরে এ পর্যন্ত ৯৭ জনের মৃত্যু হল।
এর মধ্যে অগাস্টের একদিন বাকি থাকতেই মাসের হিসাবে সবচেয়ে বেশি; ৪৩ জনের মৃত্যু নথিবদ্ধ হল। এর আগে জুলাই মাসে মারা যান ৩৬ জন।
চলতি মাসে এ পর্যন্ত ২০ হাজার ৫৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে জুলাইতে ৯ হাজার ২০৬ জন রোগী ভর্তি হয়েছিলেন। সে হিসাবে এক মাসের ব্যবধানে ডেঙ্গু রোগী বেড়েছে দ্বিগুণের বেশি। বছরের হিসাবে গত ৭ মাসের তুলনায় অগাস্টে রোগীর সংখ্যা ছিল বেশি।
স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, রোববার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৮২ জন। ১২৩ জন ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে।
দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৫৯ জন রোগী ভর্তি হয়েছেন।
এছাড়া বরিশাল বিভাগে ১৩২, চট্টগ্রামে ১২০, খুলনায় ২৮৩, ময়মনসিংহে ৬৯, রাজশাহীতে ৮৭, রংপুরে ৭ এবং সিলেটে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ১৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ৩৫ হাজার ৮৪৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩ হাজার ২০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে।
এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।