নানা ‘অনিয়মে’ শরীয়তপুরে ২ ক্লিনিক বন্ধ ঘোষণা
ক্লিনিক দুটির লাইসেন্স নবায়নসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা নেই।
লাইসেন্স হালনাগাদ না থাকাসহ নানা ‘অনিয়মের’ অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জে দুটি বেসরকারি ক্লিনিক বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
রোববার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর পাঠানো শরীয়তপুরের সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য দেওয়া হয়েছে।
ক্লিনিক দুটি হল, ভেদরগঞ্জ মর্ডান ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক এবং ভেদরগঞ্জ পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের এপ্রিল থেকে ভেদরগঞ্জ উপজেলায় একটি নির্দিষ্ট সোর্স (মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক) থেকে ‘এক্সট্রাপালমোনারি টিবি’ রোগ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে অনুসন্ধান করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য বিভাগের অনুরোধ করায় সিভিল সার্জন ‘এক্সট্রাপালমোনারি টিবি’ রোগের উৎপত্তির কারণ উদঘাটনের জন্য চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। ওই কমিটি গত ২০ জুন মর্ডান ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক যেয়ে তদন্ত বা অনুসন্ধান করে।
তদন্ত কমিটি তাদের মতামতে বলেছে, “ওই ক্লিনিকে ৫৩ জন রোগী ইতোমধ্যে ‘এক্সট্রাপালমোনারি টিবি’ রোগে আক্রান্ত হয়েছেন এবং এর উৎস এখনো নিশ্চিত নয়।”
তাই উৎস নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্যান্য রোগীদের মধ্যে সংক্রমণ প্রতিরোধের স্বার্থে ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ রাখার সুপারিশ করা হয়। এর প্রেক্ষিতে ক্লিনিকটির সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়।
এছাড়া ৫ কর্মকর্তার সমন্বয়ে ‘এক্সট্রাপালমোনারি টিবি’ রোগের উৎপত্তির কারণ অনুসন্ধানে টিম গঠন করা হয়েছে। মর্ডান ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের লাইসেন্স ২০২২-২৩ পর্যন্ত আছে। সেইসঙ্গে অনলাইনে ২০২৩-২৪ বছরের আবেদন ‘ইনেসপেকশন’-এ রয়েছে।
অন্যদিকে ভেদরগঞ্জ পপুলার ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ ২০২২-২৩ সাল পর্যন্ত থাকলেও পরবর্তীতে তা নবায়ন করা হয়নি। ক্লিনিকটির অন্য প্রয়োজনীয় কাগজের (পরিবেশ/নারকোটিক) ছাড়পত্র নেই, শুধু নবায়নের জন্য আবেদন করা।
এর প্রেক্ষিতে লাইসেন্স না থাকায় স্বাস্থ্যমন্ত্রীর মৌখিক নির্দেশে ডায়াগনস্টিকটি গত শনিবার সিলগালা করে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আশেপাশের বেসরকারি ক্লিনিকগুলো আকস্মিক পরিদর্শন করেন। এ সময় অনিয়ম ও অবহেলার অভিযোগে দুটি ক্লিনিক বন্ধ করার নির্দেশ দেন তিনি। দায়িত্বে অবহেলার কারণে দুই চিকিৎসককেও শোকজ করা হয়।
