১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে হাম শনাক্ত ৭ জনের, রুবেলা আক্রান্ত একজন

মোট ৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের দেহে হাম এবং একজনের দেহে রুবেলা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 02:21 AM

Updated : 26 Aug 2026, 03:16 PM

চট্টগ্রাম নগরীতে পাঁচজন ও উপজেলাগুলোতে দু'জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে; রুবেলা শনাক্ত হয়েছে একজনের।

সোমবার রাতে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকায় পাবলিক হেলথ ইনস্টিটিউটের (আইপিএইচ) ন্যাশনাল পোলিও অ্যান্ড মিসেলস-রুবেলা ল্যাবরেটরি (এনপিএমএল) থেকে জেলার সব নমুনা পরীক্ষার ফলাফল তারা হাতে পেয়েছেন।

মোট ৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের দেহে হাম এবং একজনের দেহে রুবেলা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, চট্টগ্রাম নগরীর ৩৫ জনের নমুনার মধ্যে ৫ জনের হাম ও একজনের রুবেল শনাক্ত হয়েছে।

এছাড়া চট্টগ্রামের ১৫টি উপজেলা থেকে পাঠানো ৪০টি নমুনার মধ্যে দুজনের হাম শনাক্ত হয়েছে।

সোমবার রাত পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে ২৯ জন ভর্তি আছে বলে সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে। তবে এখন পর্যন্ত জেলায় হামে কারো মৃত্যু হয়নি।

হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুরা নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ভর্তি আছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে হামের চিকিৎসার জন্য একটি কর্নার চালু করা হয়েছে। সেখানে আক্রান্ত এবং হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুরনো খবর

চট্টগ্রামে ২ শিশুর হাম শনাক্ত

হামের লক্ষণ নিয়ে এক সপ্তাহে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ১২ শিশু