১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু

সরকারি হিসাবে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১৭৭ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Oct 2026, 05:53 PM

Updated : 14 Oct 2026, 05:53 PM

দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ রোগের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ১৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিনে বলা হয়, হামের উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল ৮টার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫ জন মারা গেছে। এর বাইরে বরিশাল ও ময়মনসিংহ বিভাগে মারা গেছে একজন করে।

অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে দেশে হামে আক্রান্ত রোগী ও মৃত্যুর হিসাব রাখছে। সে হিসাবে এ পর্যন্ত দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১৭৭ জন। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১০৭৩ জন মারা গেছে। বাকিরা নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েই মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সরকারি হিসাবে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগী বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৫৭০ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন। চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ৭৭ হাজার ৬৮৯ জন।

হামের উপসর্গে মোট প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৮৬ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৮৯ জন। এছাড়া চট্টগ্রামে ৯৬, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮২, বরিশালে ৬৩, খুলনায় ৪৭ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।