২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

হার্ট দিবসে ওয়েবিনার: উচ্চ রক্তচাপের রোগীর ‘অর্ধেক’ই জানেন না তাদের সমস্যা

অকাল মৃত্যু হৃদরোগ ঘটিত এবং এটি কমানোর সবচেয়ে কার্যকর উপায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, বলেন ডা. সোহেল রেজা চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2024, 10:30 PM

Updated : 26 Aug 2026, 10:34 AM

ত্রিশ থেকে ঊনাশি বছর বয়সিদের মধ্যে উচ্চ রক্তচাপের রোগীদের অর্ধেকই জানেন না যে তাদের উচ্চ রক্তচাপ রয়েছে; ফলে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

রোববার বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ‘উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি’ শিরোনামে ওয়েবিনারে পড়া মূল প্রবন্ধে এই তথ্য তুলে ধরা হয়েছে। 

‘ইউজ হার্ট ফর অ্যাকশন’ বা ‘জীবন বাঁচাতে হার্টকে  কাজে লাগাও’ প্রতিপাদ্যে এবার দিবসটি বিশ্বজুড়ে পালিত হয়েছে।

যার অংশ হিসেবে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রগতির জন্য জ্ঞান-প্রজ্ঞা এই ওয়েবিনারের আয়োজন করে, যেখানে সহযোগিতা করেছে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর-জিএইচএআই।

মানব শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হৃদপিণ্ড বা হার্ট সম্পর্কে বিশ্বজুড়ে জনসচেতনতা বৃদ্ধি করে হৃদরোগের ঝুঁকি প্রশমনে প্রতি বছর ২৯ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়।

প্রবন্ধে বলা হয়, বিশ্বে অকাল মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি মানুষ মারা যায় হৃদরোগে, যার অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। বাংলাদেশেও অকাঙ্ক্ষিত মোট মৃত্যুর ৩৪ শতাংশই ঘটে হৃদরোগে, যার অধিকাংশই প্রতিরোধযোগ্য।

ওয়েবিনারে বক্তব্য দেন স্বাস্থ্য খাত সংস্কার-বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সদস্য সচিব এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল শাফি মজুমদার, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, ব্র্যাক জেমস পি গ্রান্টস স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক ডা. মলয় কান্তি মৃধা।

জিএইচএআই এর বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রূহুল কুদ্দুস, বারডেম জেনারেল হাসপাতালের খাদ্য ও পুষ্টি বিভাগের বিভাগীয় প্রধান শামসুন্নাহার নাহিদ, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরও বক্তব্য রাখেন।

প্রজ্ঞার কো-অর্ডিনেটর সাদিয়া গালিবা প্রভা মূল প্রবন্ধে বলেন, বাংলাদেশে প্রতি চারজনের একজন প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও এর গ্লোবাল রিপোর্ট অন হাইপারটেনশন ২০২৩ অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর ২ লাখ ৭৩ হাজার মানুষ হৃদরোগে মারা যায়; যার ৫৪ শতাংশের জন্যই দায়ী উচ্চ রক্তচাপ।

ডা. শাফি মজুমদার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অন্যান্য সকর্ততা অবলম্বনের পাশাপাশি  জনসচেতনতা কার্যক্রম বাড়ানোর জোর তাগিদ দেন।

ডা. সোহেল রেজা বলেন, অকাল মৃত্যু হৃদরোগ ঘটিত এবং এটি কমানোর সবচেয়ে কার্যকর উপায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ।  

“দেশব্যাপী উচ্চ রক্তচাপের রোগীর সংখ্যা বৃদ্ধির সঠিক তথ্য জানতে অঞ্চল, বয়স ও লিঙ্গভেদে প্রায়োগিক গবেষণা প্রয়োজন,” বলেন ডা. মলয় কান্তি।

তৃণমূল পর্যায়ে সবার জন্য উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ নিশ্চিত করতে সারা দেশে এই ধরনের রোগীর সংখ্যা নির্ণয় করা জরুরি বলে মনে করেন মুহাম্মদ রূহুল কুদ্দুস।

শামসুন্নাহার নাহিদ উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অপরিহার্য বলে ওয়েবিনারে মত দেন।