১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চিকিৎসকদের জন্য ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’চালু

“বর্তমানে যদি সিচুয়েশন অ্যানালাইসিস করা হয়, বিশেষ করে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থার একেবারে ভগ্ন দশা।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2026, 07:05 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

উপজেলা ও জেলা পর্যায়ে যেসব চিকিৎসক প্রশাসনিক দায়িত্ব পালন করেন, তাদের ব্যবস্থাপনাগত দক্ষতা বাড়াতে ঢাকার সাভারে শিগগির চালু হবে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত মঙ্গলবার সকালে মহাখালীর নিপসম অডিটরিয়ামে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘‘আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি প্রাথমিক স্বাস্থ্যসেবায় এবং প্রান্তিক মানুষের দোরগোড়ায় কীভাবে আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকে পৌঁছানো যায়, সেটির ওপর। আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সকে পুরো স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা সমাধানের ভিত্তি বলে মনে করি। 

“যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি ও ঘোষণা দিয়েছি—বাংলাদেশের সকল ৩০ বেড এবং ৫০ বেডের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোকে আমরা ১০১ বেডের উপজেলা হেলথ কমপ্লেক্সে পরিণত করব।”

অতীতের পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “বর্তমানে যদি সিচুয়েশন অ্যানালাইসিস করা হয়, বিশেষ করে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থার একেবারে ভগ্ন দশা। 

“কারণ সেখানে আমাদের রাইট ইনভেস্টমেন্ট হয়নি, সঠিক জনবল তৈরি করে পদায়ন করা যায়নি এবং সাপ্লাই-লজিস্টিকস নিয়ে যেভাবে কাজ করার কথা ছিল, পুরো সিস্টেমটা অবহেলায় ভেঙে পড়েছে।"

নিপসমের পরিচালক অধ্যাপক নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. বেনজির আহমেদ, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।