Published : 27 May 2026, 07:48 PM
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে এক রাতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার গঠন করা এ কমিটির প্রধান করা হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিবকে (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা)।
সদস্য সচিবের দায়িত্বে থাকবেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (হাসপাতাল-১) এবং সদস্য হিসেবে আছেন অধিদপ্তরের সহকারী পরিচালক (আইন শাখা)।
এদিন সন্ধ্যায় কমিটি গঠনের অফিসে আদেশে বলা হয়, আগামী তিন দিনের মধ্যে শিশুদের মুত্যুর কারণ অনুসন্ধান এবং প্রতিকারের জন্য করণীয় নির্ধারণ করে প্রতিবেদন দেবে কমিটি।
প্রয়োজনে কমিটি আরও সদস্য নিতে পারবে বলে এতে বলা হয়েছে।
কোরবানির ঈদের আগের দিন বুধবার সকালে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর খবর পুরো বাংলাদেশকে নাড়িয়ে দেয়। খবর পেয়ে সেখানে ছুটে যান পুলিশ এবং স্বাস্থ্য বিভাগ ও অধিদপ্তরের কর্মকর্তারা।
দুপুরে হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, পোস্ট ডেলিভারি ওয়ার্ডের যে অংশে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে, সেখানকার পরিবেশ ‘শ্বাসরুদ্ধকর’ ছিল।
তিনি বলেন, “ভোরে এই রুমটিতে এসি জটিলতা অথবা যে কোনো কারণেই হোক ওখানে একটি সাফোকেটিভ পরিবেশের মতো আমরা পেয়েছি। ওখানে আসলে এসি এমনভাবে ছিল যে, এসিটি বন্ধ করলে ওখানে আর ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই।”
এ ঘটনায় সে সময়ই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের তথ্য দেন তিনি।
মৃত শিশুগুলোর পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনা হলেও ঠিক কী কারণে শিশুগুলোর মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কেউ এখনো কিছু বলতে পারেননি।