ডেঙ্গুতে মৃত্যু একজনের
নতুন ৩৪ জনসহ চলতি বছর এ পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৯৬।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ১৭ জনই ভর্তি হয়েছেন ঢাকা মহানগর এলাকার বিভিন্ন হাসপাতালে।
ঢাকা সিটি করপোরেশনের বাইরে ঢাকা জেলায় ৪ জন এবং বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ৩ জন করে আর রাজশাহী বিভাগে দুজন রোগী হাসাপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৯৬, যাদের মধ্যে মারা গেছেন ৪৩ জন।
বুধবারের আগের দিনও একজনের মৃত্যু হয়েছিল। আর দেশের বিভিন্ন হাসপাতালে বুধবার সকাল পর্যন্ত ১৬১ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৮৯ জন; ঢাকার বাইরে ছিলেন ৭২ জন।
চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, যাদের মধ্যে মারা যান তিনজন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, মার্চ মাসে আক্রান্তের সংখ্যা ৩১১, যাদের মৃত্যু হয় পাঁচজনের। এপ্রিলে আক্রান্ত হন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয় দুইজনের। মে মাসে আক্রান্ত রোগী ৬৪৪ জন, যাদের মধ্যে ১২ জন মারা যান।
জুনের প্রথম ২৬ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হয়েছেন ৬৪৩জন, মৃত্যু হয়েছে সাতজনের।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন, যাদের মধ্যে মারা যান ১ হাজার ৭০৫ জন; যা এক বছরে ডেঙ্গুতে সর্বাধিক মৃত্যুর রেকর্ড।
