Published : 14 Sep 2026, 05:42 PM
দেশে প্রথমবারের মত কনুইয়ের অস্থিসন্ধিসহ সম্পূর্ণ হিউমেরাস প্রতিস্থাপন অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর রাজধানীর আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) অধ্যাপক ডা. মো. সিরাজুস সালেহীনের নেতৃত্বে সাত সদস্যের একটি মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড চার ঘণ্টার অস্ত্রোপচারে এই সাফল্য পান।
হিউমেরাস হল কাঁধ থেকে কনুই পর্যন্ত বাহুর প্রধান হাড়। কনুইয়ের জয়েন্টসহ এই হাড়ের সম্পূর্ণ প্রতিস্থাপনকে চিকিৎসাবিজ্ঞানে ‘টোটাল হিউমেরাস রিপ্লেসমেন্ট’ বলা হয়।
অস্ত্রোপচার বোর্ডের প্রধান অধ্যাপক ডা. মো. সিরাজুস সালেহীন বলেন, “একজন রোগীর পুরো বাহুতে টিউমার ছিল। হাড়ের মজ্জার মধ্যে টিউমার দেখা দেয়। এই অবস্থায় কেমোথেরাপি দিয়ে সার্জারি করা হয়। এটার স্বাভাবিক চিকিৎসা হল বাহুসন্ধি থেকে পুরো বাহু ফেলে দেওয়া। সেখান থেকে আমরা উন্নত বিশ্বের মত পুরো বাহুটি জয়েন্টসহ রিপ্লেস করি।”
তিনি বলেন, “হাড়ের ক্যান্সার চিকিৎসায় আমরা অনেক দূর এগিয়ে গেছি। আগে হাড়ের চিকিৎসায় হাত-পা কেটে ফেলা হত, গত ২০১৬ সাল থেকে আমরা সেটি প্রতিস্থাপন করতে পারায় অনেকে অঙ্গহানি থেকে রক্ষা পাচ্ছেন।”
এ চিকিৎসার খরচের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটা বাংলাদেশের সাপেক্ষে অনেক ব্যববহুল। কারণ প্রোস্থেসিস বাইরে থেকে নিয়ে আসতে হয়।”
শরীরের কোনো হারানো, নষ্ট বা অকার্যকর অঙ্গের পরিবর্তে ব্যবহৃত কৃত্রিম অঙ্গ বা যন্ত্রাংশকে প্রোস্থেসিস বলা হয়।
ক্যানসারে আক্রান্ত অঙ্গ সম্পূর্ণ কেটে না ফেলে ক্যানসার আক্রান্ত অংশ অপসারণ করে অঙ্গের কার্যকারিতা ধরে রাখার এই চিকিৎসাপদ্ধতিকে ‘লিম্ব স্যালভেজ’ বলা হয়।
চিকিৎসক দলের ভাষ্য, এই অস্ত্রোপচারের অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল ক্যানসার কোষমুক্ত সুনির্দিষ্ট সীমা নিশ্চিত করা। আক্রান্ত অংশ অপসারণের পর রোগীর জন্য বিশেষভাবে তৈরি কৃত্রিম প্রস্থেসিস সেখানে প্রতিস্থাপন করা হয়।
হাসপাতালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ত্রোপচারের সময় ভাস্কুলার সার্জন এস এম পারভেজ আহমেদ সোহেল গুরুত্বপূর্ণ রক্তনালি ও স্নায়ু সুরক্ষায় কাজ করেন।
এর আগে অধ্যাপক সিরাজুস সালেহীনের নেতৃত্বে একই বিশেষজ্ঞ দল ২০১৯ সালে বাংলাদেশে প্রথমবারের মতো সম্পূর্ণ উরুর হাড় বা ‘টোটাল ফিমার’ প্রতিস্থাপন করেছিল।
এই চিকিৎসক দলের কয়েকজন যুক্তরাজ্যের বার্মিংহামের রয়্যাল অর্থোপেডিক হসপিটাল থেকে প্রশিক্ষণ নিয়েছেন।
বাংলাদেশে হাড়ের ক্যানসারের চিকিৎসায় অঙ্গচ্ছেদ এড়াতে কৃত্রিম হাড় বা প্রস্থেসিস ব্যবহারের সুযোগ বাড়ানোর ক্ষেত্রে এই ধরনের অস্ত্রোপচার গুরুত্বপূর্ণ বলে চিকিৎসকরা মনে করছেন।