০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কার্ডিয়াক অ্যারেস্টে কার্যকর হতে পারে ‘সিপিআর’

বিশ্বে প্রতি দুই মিনিটে একজন কার্ডিয়াক অ্যারেস্টে মারা যাচ্ছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2023, 03:34 AM

Updated : 28 Oct 2023, 03:47 PM

কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত ব্যক্তিকে প্রাথমিকভাবে সিপিআর (কার্ডিও পালমোনারি রিসাসিটেশন) দিলে তার বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যায়। এজন্য প্রয়োজন সচেতনতা।

শুক্রবার ঢাকা ক্লাবে কার্ডিয়াক অ্যারেস্ট বিষয়ক সচেতনতা ও সিপিআর প্রশিক্ষণ কর্মশালায় হৃদরোগ বিশেষজ্ঞরা এ কথা বলেন।

হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশন এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় চিকিৎসকরা বলেন, বিশ্বে প্রতি দুই মিনিটে একজন কার্ডিয়াক অ্যারেস্টে মারা যাচ্ছেন। বিশ্বব্যাপী কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।

তারা বলেন, কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত ব্যক্তির জীবন বাঁচাতে সিপিআরের ভূমিকা গুরুত্বপূর্ণ। উন্নতবিশ্ব এর গুরুত্ব উপলব্ধি করতে পেরেছে, এজন্য সেসব দেশে সিপিআর প্রশিক্ষণের ব্যাপারেও জোর দেও্য়া হচ্ছে।

অন্যদিকে, বাংলাদেশে কার্ডিয়াক অ্যারেস্ট এবং সিপিআর সম্পর্কে জনসাধারণের ধারণা না থাকায় এ ধরণের কোনো উদ্যোগ দেখা যায় না।

শিক্ষা প্রতিষ্ঠানে সিপিআর প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তারা বলেন, স্কুল এবং কলেজ পর্যায়ে সিপিআর ট্রেনিং দিতে পারলে প্রত্যেক ঘরে ঘরে একজন বিশেষজ্ঞ তৈরি করা সম্ভব হবে। পাশাপাশি পাঠ্য পুস্তকে এটি পড়ানো যেতে পারে। এগুলো বাস্তবায়ন করতে পারলে অসংখ্য কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত ব্যক্তির জীবন রক্ষা পাবে।

কর্মশালায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের শেখানো হয় কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার লক্ষণ কী, এক্ষেত্রে কিভাবে সিপিআর দিতে হবে।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)