১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

সংকটময় মুহূর্তে সব স্তরের স্বাস্থ্যকর্মীকে পাশে থাকার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, “আমাদের স্বাস্থ্যকর্মীদের অনেক সংকট আছে, সমস্যা আছে। আমি কথা দিচ্ছি, অতি দ্রুত আপনাদের সব সমস্যা সমাধানের চেষ্টা করব।”

হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার ঢাকা শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে মিজলস ওয়ার্ড পরিদর্শন করেন। ছবি: পিআইডি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2026, 09:49 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

হাম প্রতিরোধে সরকার ‘পুরোপুরি প্রস্তুত’ বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হামজনিত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপ্যাপের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, “হঠাৎ করে হাম রোগ ছড়িয়ে পড়ছে। আমাদের তেমন কোনো প্রস্তুতি ছিল না। তবে অল্প সময়ে হাম প্রতিরোধে আমরা পুরোপুরি প্রস্তুত।"

রোববার থেকে সারাদেশে হামের টিকা দেওয়া শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, “এতগুলো শিশুমৃত্যুর ঘটনায় আমরা মর্মাহত। ঢাকা ও রাজশাহীসহ সারাদেশে হামের প্রাদুর্ভাব ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।"

হামের চিকিৎসায় কয়েকটি হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, "রাজশাহী ও মানিকগঞ্জে ভেন্টিলেটর বাড়ানো হয়েছে। বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটরের ব্যবস্থা করার পাশাপাশি চিকিৎসক ও নার্স প্রস্তুত রয়েছে।"

সংকটময় মুহূর্তে সব স্তরের স্বাস্থ্যকর্মীকে পাশে থাকার অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আমাদের স্বাস্থ্যকর্মীদের অনেক সংকট আছে, সমস্যা আছে। আমি কথা দিচ্ছি, অতি দ্রুত আপনাদের সব সমস্যা সমাধানের চেষ্টা করব। তার আগে দেশের এই সংকটময় মুহূর্তে আপনাদের সহযোগিতা চাইছি।

"টিকা দেওয়ার কাজে নিয়োজিত বেশকিছু স্বাস্থ্য সহায়তাকারী দীর্ঘ সময় ধরে বেতন পাচ্ছেন না। এটা তাদের মধ্যে অনেক বড় একটি কষ্ট। কয়েক হাজার স্বাস্থ্য সহকারী, সহ-স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকসহ বেশ কিছু পদে পদোন্নতি বা গ্রেড উন্নয়নের দাবি আছে। তা বিবেচনা করা হবে।” 

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে কর্মসূচিতে আরো বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ, শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুল হক।