Published : 08 Jul 2025, 06:55 PM
দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর কোভিডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত ব্যক্তি একজন পুরুষ। তার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। খুলনা বিভাগের ওই বাসিন্দা একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশে ২৩৪টি নমুনা পরীক্ষা করে আট জন নতুন রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৪২ শতাংশ।
এর মধ্যে ঢাকা বিভাগে ১৫০টি নমুনা পরীক্ষায় তিনজন, চট্টগ্রাম বিভাগে ৭৫টি নমুনা পরীক্ষায় চারজন, ময়মনসিংহ বিভাগে নয়টি পরীক্ষা করে একজন রোগী শনাক্ত হয়েছে।
দেশে ২০২০ সালে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ৩০ হাজার ৭০টি নমুনা পরীক্ষা করে ২০ লাখ ৫২ হাজার ১৯৬ জন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৪ জনের।
কোভিড মহামারী শুরুর পর প্রথম বছর ২০২০ সালে ৭৫৫৯ জনের প্রাণ কেড়েছিল করোনাভাইরাস। এরপর সবচেয়ে বেশি ২০ হাজার ৫১৩ জনের মৃত্যু হয়েছিল ২০২১ সালে। আর ২০২২ সালে ১৩৬৮ জন এবং ২০২৩ সালে ৩৭ জন এবং ২০২৪ সালে ২২ জন মারা যায় কোভিডে।
ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং অন্যান্য দেশে ভাইরাসের এই ধরনটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় নতুন করে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা জরুরি প্রয়োজন ছাড়া ভারত এবং ভাইরাস ছড়ানো অন্যান্য দেশে ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে। পাশাপাশি ঝুঁকি মোকাবেলায় সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতে বলেছে।