Published : 12 Aug 2026, 07:11 PM
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো দুজনের মৃত্যু হয়েছে। এসময়ে এ রোগে আক্রান্ত হয়ে ৭২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবশেষ দুইজনের মৃত্যু নিয়ে চলতি বছরে এ পর্যন্ত এইডিস মশাবাহিত এ রোগে ৬৩ জনের মৃত্যু হল; যার মধ্যে অগাস্টেই ৯ জনের মৃত্যু হয়েছে।
অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২৩ জন।
এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১০১ জন। ঢাকার অপর সিটি করপোরেশন দক্ষিণের হাসপাতালগুলোতে ১১২ জন ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটির বাইরে ভর্তি হয়েছেন ১০৭ জন।
বিভাগের মধ্যে বরিশালে ১০১ জন, চট্টগ্রামে ৮৩ জন, খুলনায় ৯৮ জন ও ময়মনসিংহে ৪৫ জন, রাজশাহীতে ৬৩ এবং রংপুরে ১২ এবং সিলেটে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় আরও ৭১২ জন হাসপাতাল ছেড়ে গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ২১ হাজার ৫৫০ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। এ পর্যন্ত এর মধ্যে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯ হাজার ৮৯৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
২০২৫ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।