ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৩১ জন
এবছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১৫৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ১১ জন ডেঙ্গু রোগী।
এর বাইরে ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন এবং বরিশাল ও খুলনা বিভাগে দুজন করে রোগী ভর্তি হওয়ার খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে এবছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১৫৭ জনে। তাদের মধ্যে মারা গেছেন ২৪ জন।
রোববার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১২১ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৬৪ জন; ঢাকার বাইরে এ সংখ্যা ৫৭।
কেবল জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। আর ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।
এপ্রিলের ২৮ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫২ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
