২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

দাবদাহ: স্বাস্থ্য অধিদপ্তরের ৭ পরামর্শ

হৃদরোগ ও উচ্চ রক্তচাপের রোগীদের সাবধান থাকতে হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2025, 11:11 AM

Updated : 26 Aug 2026, 12:42 PM

দেশজুড়ে বয়ে চলা দাবদাহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষায় সবার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) আবু হোসেন মো. মঈনুল আহসান রোববার এ নির্দেশনা জারি করেন।

নির্দেশনার মধ্যে রয়েছে-

•    দিনের বেলায় ঘরের বাইরে বের হলে ছাতা, টুপি/ক্যাপ বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখতে হবে। 

•    হালকা রঙের সুতির ঢিলে-ঢালা জামা পরতে হবে।

•    প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান এবং তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে।

•    সম্ভব হলে একাধিক বার গোসল করা যেতে পারে।

•    অতিরিক্ত তেলমশলা যুক্ত খাবার না খাওয়া এবং বাসি, খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকা দরকার।

•    প্রস্রাবের রঙের দিকে লক্ষ্য রাখতে হবে; গাঢ় হলুদ রঙের প্রস্রাব হলে পানি পানের পরিমাণ অবশ্যই বাড়াতে হবে।

•    গরমে অসুস্থবোধ হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শিশু ও গর্ভবতী মা, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি, শ্রমজীবী ব্যক্তি, স্থূলকায় ব্যক্তি এবং শারীরিকভাবে অসুস্থ, বিশেষ করে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের রোগীদের সাবধান থাকতে হবে।

বৈশাখ মাসের শেষদিকে দেশজুড়ে মাঝারি মাত্রার তাপপ্রবাহ দেখা যাচ্ছে। চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। শনিবার এ জেলায় তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

তবে রোববার সন্ধ্যার দিকে দেশের কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে।