ডেঙ্গু: এক জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬
নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১৬৩ জন বরিশাল বিভাগে।
বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে এ বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে হল0 ৪৩ জনে।
গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৮৬ জন। নতুন রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৬৮২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে বলা হয়েছে, আগের ২৪ ঘণ্টায় যিনি মারা গেছেন তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১৬৩ জন বরিশাল বিভাগে।
এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৬৮ জন, ঢাকা বিভাগে ৭৩ জন, ময়মনসিংহ বিভাগে আট জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে ১৬ জন এবং রাজশাহী বিভাগে ৩৯ জন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২৩০ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩২৩ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯০৭ জন।
দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।
