Published : 01 Jun 2026, 09:18 PM
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গু মোকাবিলায় সরকার ‘সবরকমের প্রস্তুতি’ গ্রহণ করেছে; উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ‘ডেঙ্গু কর্নার’ করা হচ্ছে।
ঢাকার বাইরে সাতটি বিভাগে এবং জেলাগুলোতে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি বিষয়ে একটি বৈঠক হয়।
সাখাওয়াত হোসেন সেখানে বলেন, “যেহেতু এখন দুয়েকজন করে ডেঙ্গুর রোগী পাওয়া যাচ্ছে এবং এই সময়ে ডেঙ্গু হয়, সে জন্য আমরা কালক্ষেপণ করতে চাই না। আমরা ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।
“উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডেঙ্গু কর্নার করা হচ্ছে। আক্রান্তদের চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ফিল্ড হাসপাতাল তৈরি আছে। প্রয়োজনে দেশের বিভিন্ন জায়গায় আরও ফিল্ড হাসপাতাল করা হবে।”
ডেঙ্গু মোকাবেলায় চিকিৎসা পরিকল্পনাসহ বিস্তারিত প্রশিক্ষণ দেবে সোসাইটি অব মেডিসিন। ইউনিসেফসহ বিভিন্ন সংস্থাও সহায়তা করছে। মঙ্গলবার থেকেই এসব কাজ শুরু হচ্ছে বলেও তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, “ঢাকার বাইরে সাতটি বিভাগে এবং জেলাগুলোতে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হবে। রিএজেন্ট, টেস্টিং কিটস এবং ফ্লুইড স্যালাইনসহ প্রয়োজনীয় উপকরণ কিছু সংগ্রহে আছে। চাহিদা অনুযায়ী আমরা পর্যাপ্ত পরিমাণে সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছি।”
ডেঙ্গুর বাহক এইডিস মশা নিধনের পদক্ষেপ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমরা এ নিয়ে সিটি করপোরেশনের সঙ্গে দুই মাস আগে থেকেই কাজ শুরু করেছি। আগামীকাল আবার সিটি করপোরেশন ও সংশ্লিষ্টদের নিয়ে বসব।”
সভায় ডেঙ্গু বিষয়ক একটি ‘অ্যাপ’ চালুর ব্যাপারেও আলোচনা করা হয়। এ ছাড়া ডেঙ্গু বিষয়ক গবেষণা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।
বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক জাহিদ রায়হান, পরিচালক (রোগ নিয়ন্ত্রণহালিমুর রশীদ, পরিচালক (হাসপাতাল) মইনুল আহসান ও সোসাইটি অব মেডিসিনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।