Published : 15 Oct 2025, 07:26 PM
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ২৪২ জনের প্রাণ গেল মশাবাহিত এ রোগে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে তিনজন ও বরিশাল বিভাগের হাসপাতালে (সিটির বাইরে) একজন মারা যান।
অধিদপ্তরের তথ্য বলছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৫৮ রোগী। এতে করে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ১৫ জন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত সবচেয়ে বেশি ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন সেপ্টেম্বর মাসে। তাদের মধ্যে ওই মাসে মৃত্যু হয়েছে ৭৬ জনের।
আর ১৫ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৬৭৩ জন; মৃত্যু হয়েছে ৪৪ জনের।