১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কোভিডের ঊর্ধ্বগতি, জনসমাগমে মাস্ক পরার অনুরোধ

একদিনে ৫৯ জনের শরীরে এই রোগ শনাক্ত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2025, 05:45 PM

Updated : 26 Aug 2026, 01:09 PM

করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় জনসমাগম স্থানে মাস্ক পরতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, করোনাভাইরাস সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে।

“বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।”

কোভিড আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ঢাকায় একজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশে দেড় বছরের মধ্যে কোভিডে মৃত্যুর প্রথম ঘটনা এটি।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে বলা হয়েছে, ৮২ বছর বয়সী ওই ব্যক্তি ঢাকার লালবাগের বাসিন্দা ছিলেন। ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে৷ 

২০২০ সালে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর দেশে ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ২২৪টি নমুনা পরীক্ষা করে ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০০ জনের।

২০২৪ সালে এই রোগে কেউ মারা যাননি। ২০২৩ সালে ৩৭ জন, ২০২২ সালে ১৩৬৮ জন রোগী মারা যান।

কোভিডে সবচেয়ে বেশি ২০ হাজার ৫১৩ জনের মৃত্যু হয়েছিল ২০২১ সালে। আর মহামারীর প্রথম বছর ২০২০ সালে ৭৫৫৯ জনের প্রাণ কেড়েছিল করোনাভাইরাস।