Published : 02 Aug 2026, 06:28 PM
অফিস সময়ে প্রাইভেট ক্লিনিকে প্র্যাকটিস করার অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি এন্ড অবস) ডা. শারমিন জাহান সোমার কৈফিয়ত তলব করেছে স্বাস্থ্য বিভাগ।
রোববার ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আবু নাইম ইফতেখারুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ কৈফিয়ত তলব করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ অগাস্ট বিকেলে ভেদরগঞ্জ পপুলার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ সময় অপারেশন থিয়েটারের রেজিস্ট্রারে পাওয়া তথ্য অনুযায়ী ডা. শারমিন ওইদিন দুপুর দুইটায় ক্লিনিকে সার্জারি পরিচালনা করেন। সরকারি নিবন্ধিত কোনো চিকিৎসকের অফিস চলাকালীন সময়ে ব্যক্তিগত চিকিৎসা কার্যক্রম পরিচালনা ‘মেডিকেল প্র্যাকটিস এন্ড প্রাইভেট ক্লিনিক এন্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২’ এর সুস্পষ্ট লঙ্ঘন।
এর প্রেক্ষিতে ডা. শারমিনকে কেনো তার বিরুদ্ধে যথাযথ বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না, তার স্বপক্ষে জবাব (প্রমাণাদিসহ) চিঠি পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে জমা দিতে বলা হয়।
অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কৈফিয়ত তলবের চিঠির অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিভাগীয় (স্বাস্থ্য) পরিচালকের কার্যালয়, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও শরীয়তপুরের সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়েছে।