১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, নভেম্বরে অর্ধশত ছাড়াল

মশাবাহিত এ রোগে মারা যাওয়া সবাই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2025, 06:34 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও পাঁচজনের। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৯২ জন রোগী।

এতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ হাজার ৮৫৮ জনে। শুধু নভেম্বরেই আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৯৯৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের বুলেটিনের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মারা যাওয়া ৫ জনই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি ছিলেন।

এ নিয়ে চলতি মাসের ১৫ তারিখের মধ্যে মারা গেলেন ৫৩ জন আর আক্রান্ত হল ১৩ হাজার ৯৯৬ জন।

চলতি বছরের এ পর্যন্ত ৩৩১ জনের প্রাণ গেল এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে। এ পর্যন্ত সবচেয়ে বেশি অক্টোবর মাসে মৃত্যু হয়েছে ৮০ জনের। এর আগে ৭৬ জনের মৃত্যু হয়েছে সেপ্টেম্বরে।

এর আগে জুলাই মাসে ৪১ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুন মাসে ১৯ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

অপরদিকে জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুনে ৫৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরে ২২ হাজার ৫২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।