অপূর্ব এবার ‘ইউএনও স্যার’
ব্যক্তিগত ও পেশাগত দায়বদ্ধতার বেড়াজালে দেশের প্রতি ভালবাসার চ্যালেঞ্জ নিয়ে একজন সরকারি পদস্থ কর্মকর্তা কী করতে পারেন, তাই দেখা যাবে এ ওয়েব ফিল্মে।
ওয়েব ফিল্মের পর্দায় এবার 'ইউএনও' চরিত্রে আসছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
আগামী ২৪ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে অরিজিনাল ফিল্ম ‘ইউএনও স্যার’, যেখানে একটি উপজেলার ইউএনও চরিত্রে অভিনয় করেছেন তিনি।
ব্যক্তিগত ও পেশাগত দায়বদ্ধতার বেড়াজালে দেশের প্রতি ভালবাসার চ্যালেঞ্জ নিয়ে একজন সরকারি পদস্থ কর্মকর্তা কী করতে পারেন, তাই দেখা যাবে এ ওয়েব ফিল্মে।
আহসান হাবিবের গল্প ও মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে ফিল্মটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল।
নির্মাতা শাকিল বলেন, “আমার জানা মতে প্রশাসনিক ক্যাডার সার্ভিস চরিত্র নিয়ে বাংলাদেশে এটাই প্রথম কাজ। একটা ভিন্ন আঙ্গিকের গল্প সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। দীপ্ত প্লে কর্তৃপক্ষ, শিল্পী কলাকুশলীসহ সবার আন্তরিক প্রচেষ্টা ছিল কাজটা ভালো করার। সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আশা করছি কাজটা দর্শকদের ভালো লাগবে।”
অপূর্ব ছাড়াও অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী, ইন্তেখাব দিনার, জয়রাজ, নরেশ ভুইয়া সহ আরো অনেকে। ‘ভিশন’ নিবেদিত ফিল্মটি প্রযোজনা করেছে কাজী মিডিয়া লিমিটেড।
