Published : 02 Nov 2023, 01:14 AM
অবরোধের দ্বিতীয় দিন রাতে ঢাকার গুলশানে হামলা ও ভাঙচুরের মুখে পড়েছিল চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনির গাড়ি।
বুধবার রাতে পুলিশ প্লাজার কাছে ভাঙচুরের সময় তিনি গাড়িতে ছিলেন না। সেটিতে করে তার বাবা-মা হাসপাতাল থেকে ফিরছিলেন বলে জানান, ওটিটি প্লাটফর্ম চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি।
হঠাৎ এ হামলার পর থেকে তার বাবা-মা আতঙ্কিতবোধ করছেন বলে জানান তিনি।
থানায় সাধারণ ডায়েরি ও অন্যান্য আইনি প্রক্রিয়ায় যাওয়ার ব্যাপারে ভাবছেন জানিয়ে রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটু আগেই ঘটনাটি ঘটেছে। আইনি প্রক্রিয়ায় যা যা করা লাগে, আমরা সেটি করব। থানায় জিডি করব।"
এ ঘটনার পর ফেইসবুকে একটি পোস্টও দিয়েছেন এ নির্মাতা। তিনি লেখেন, "ভয়াবহ আতঙ্কিত! ভাংচুর করা হলো গাড়ীটা। একটু আগে আব্বু আম্মু বারডেম হসপিটাল থেকে বাসায় ফিরছিল, গুলশান পুলিশ প্লাজার সামনে ২০/৩০জন হঠাৎ হামলা শুরু করে, গাড়ী ভাংচুর করে। কয়েকটি গাড়ীতে আগুনও দেয়। আমার বাবা-মা কোনদিন এরকম আতঙ্কিত পরিস্থিতিতে পড়ে নাই।
"দেশের অবস্থা কতটুকু ভালো বা খারাপ সেই প্রশ্ন এখন করার মন মানসিকতা নাই। তবে একটা প্রশ্ন মাথা থেকে সরাতে পারছি না, সময় কি এতই খারাপ যে অসুস্থ মানুষ হসপিটালেও যেতে পারবে না?"