১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিরতি চাইছেন রণবীর

এর আগেও চার বছর সিনেমা থেকে দূরে ছিলেন এই বলিউড তারকা।

বিরতি চাইছেন রণবীর

রণবীর কাপুর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2023, 09:49 PM

Updated : 09 Mar 2023, 09:49 PM

গত এক বছরে বিয়ে করেছেন, বাবা হয়েছেন, এখন আবার অভিনয়ে খানিক বিরতি নিতে চাইছেন বলিউড তারকা রণবীর কাপুর।

এর আগে সঞ্জয় দত্তের বায়োপিক ‘সাঞ্জু’র পর চার বছর বিরতি নিয়ে ‘শমসেরা’ ও ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’র মধ্যদিয়ে বড় পর্দায় ফিরেছিলেন তিনি। এখন ‘অ্যানিমেল’ মুক্তির পর তিনি সিনেমা থেকে সাময়িক বিরতি নিতে চাইছেন।

এবার বিরতির কারণ কী- গুড টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর বলেন, “পরপর দুটি সিনেমা মুক্তির পর একজন অভিনেতা হিসেবে নিজের অবস্থানকে বুঝতে চাই। তাই কোনো সিনেমায় এখনও পর্যন্ত সাইন করিনি। সত্যি বলতে আমি খুঁজছিও না।”

এই অভিনেতা মনে করেন, প্রয়োজনে নিজেকে এক ধাপ পিছিয়ে নিয়ে ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে নেওয়া উচিৎ।

“আমি মনে করি মহামারির পর সিনেমা শিল্পে পরিবর্তন আসছে। গল্প থেকে বাজেট, অভিনেতাদের ফি সবকিছুতেই পরিবর্তন আসা শুরু হয়েছে। ইন্ডাস্ট্রি একটি সংশোধন পর্বের মধ্য দিয়ে যাচ্ছে এবং আমি মনে করি পরবর্তী সময়ে আমরা ফের স্বয়ংসম্পূর্ণ হতে পারব।”

বুধবার লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুটি ম্যায় মাক্কর' প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটিতে প্রথমবারের মতো শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রণবীর।

চলতি বছরের মাঝামাঝিতে মুক্তি পাবে পারিবারিক গল্পের সিনেমা ‘অ্যানিমেল’। তাতে অভিনয় করবেন রাশমিকা মানদানা, অনিল কাপুর, ববি দেওল ও তৃপ্তি দিমরি।