২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুনমুনের রাগী আসছে ২৮ সিনেমা হলে

‘গ্যাং লিডার’ হয়ে পর্দায় ফিরছেন এই চিত্রনায়িকা।

মুনমুনের রাগী আসছে ২৮ সিনেমা হলে

রাগী সিনেমায় মুনমুন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2022, 11:20 PM

Updated : 13 Oct 2022, 11:21 PM

এক সময়ের আলোচিত চিত্রনায়িকা মুনমুন অভিনীত ‘রাগী’ মুক্তি পাচ্ছে ২৮টি সিনেমা হলে।

এই সিনেমা মুক্তির আগের দিন বৃহস্পতিবার পরিচালক মিজানুর রহমান মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঢাকাসহ সারা দেশের ২৮টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে রাগী। আমরা আশা করছি, দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা বাড়বে।”

এ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবির চৌধুরী, আঁচল, মৌমিতা মৌ, শতাব্দী ওয়াদুদ, মারুফ আকিব, খালেদা আক্তার, শাকিল আহমেদ, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, আর এফ রোমিও, লায়ন। প্রযোজনা করছেন জাকিরা খাতুন জয়া।

Image

যে যে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে রাগী

মিজান জানিয়েছেন, দর্শকদের সঙ্গে সিনেমা দেখতে শুক্রবার দুপুর ২টায় ঢাকার মধুমিতা প্রেক্ষাগৃহে উপস্থিত হবেন শিল্পী ও কলাকুশলীরা। বিকাল ৪টায় এই দল থাকবেন চিত্রামহল সিনেমা হলে।

রাগীতে নিজের ভূমিকা নিয়ে মুনমুন বলেন, “সিনেমার নায়ক আবীর আমাকে গল্পটা শুনিয়েছিল। গল্প শুনেই বলেছিলাম সিনেমাটা আমি করব। গতানুগতিক ধারার বাইরের চরিত্র পেয়েছি। সাধারণত দর্শক আমাকে নায়িকা চরিত্রে দেখেছে। এই প্রথম অন্যরকম একটা কাজ করলাম। ভয়ঙ্কর গ্যাং লিডার হয়ে পর্দায় ফিরছি। আশা করি, দর্শক এন্টিহিরো মুনমুনকে পছন্দ করবে।”

চিত্রনায়ক আবীর বলেন, “এটা অ্যাকশনে ভরপুর সিনেমা। পরিচালক যখন আমার সাথে যোগাযোগ করলেন, তাকে বলেছিলাম, ‘আমি যদি সিনেমা করি, তাহলে সাউথ ইন্ডিয়ার মতো অ্যাকশনে ভরপুর সিনেমা করব; যা দেখে দর্শক তালি দেবে, সিঁটি বাজাবে।”