১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মেসিকে শাহরুখ খানের ‘ধন্যবাদ’

এখনও ছেলেমেয়েদের সঙ্গে বসে খেলা দেখলে শৈশবের উত্তেজনা টের পান বলিউড বাদশাহ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2022, 06:29 PM

Updated : 19 Dec 2022, 06:41 PM

আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা জয়ের মধ্য দিয়ে ‘দীর্ঘ প্রতীক্ষার’ অবসান ঘটানোয় লিওনেল মেসিকে ধন্যবাদ জানিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান।

পিংকভিলা জানিয়েছে, রোববার ফুটবল বিশ্বকাপের ফাইনালে পেনাল্টিতে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার শিরোপা জয়ে আপ্লুত শাহরুখ টুইটারে এই আবেগময় পোস্ট দেন।

আর্জেন্টিনার বিজয়কে ‘অসামান্য’ অভিহিত করে ‘প্রতিভা ও পরিশ্রমীদের আবারও নিজেদের স্বপ্নপূরণের সাহস যোগানোর জন্য’ মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেতা।

নিজের শৈশবের কথা স্মরণ করে শাহরুখ টুইটে লেখেন, “মায়ের সঙ্গে বসে ছোট্ট একটি টেলিভিশন খেলা দেখার কথা মনে পড়ে যায়। এখনও ছেলেমেয়েদের সঙ্গে বসে খেলা দেখলে সেই একই উত্তেজনা টের পাই।”

‘হ্যাশট্যাগে’ মেসিকে রেখে ওই পোস্টে শাহরুখ লিখেছেন, “আমাদের প্রতিভায় বিশ্বাসী করে তোলার জন্য ধন্যবাদ। কঠোর পরিশ্রম করলে স্বপ্ন সফল হয়, তা আরও একবার মনে করিয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞতা।”

রোববার কাতারে একটি স্টুডিওতে ইংল্যান্ডের ফুটবল তারকা ওয়েন রুনির সঙ্গে বসে প্রিয় দল আর্জেন্টিনার খেলা উপভোগ করেন শাহরুখ। আর্জেন্টিনা-সমর্থক হলেও এমবাপের খেলাও ‘মিস’ করতে চাননি বলে জানিয়েছিলেন এই অভিনেতা।

শাহরুখ তার নতুন সিনেমা ‘পাঠান’- এর প্রচারের অংশ হিসেবে কাতার সফরে আছেন। ‘পাঠান’ মুক্তির আগেই এর গান ’বেশরম রঙ’ গানটি তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

গানে দীপিকা পাড়ুকোনোর পোশাক নিয়ে আপত্তি তুলেছে কট্টর হিন্দুত্ববাদী একটি সংগঠন। ‘বীর শিবাজি গ্রুপ’নামের ওই সংগঠনের কর্মীরা শাহরুখ ও দীপিকার কুশপুতুলও পুড়িয়েছে।

দীপিকা রোববার কাতার বিশ্বকাপের ফাইনালের আগে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেন। তিনিই প্রথম ভারতীয় যিনি এই সম্মানজনক সুযোগ পেলেন।

আগামী ২৫ জানুয়ারি ‘পাঠান’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়া ‘জওয়ান’ সিনেমায় বিজয় সেতুপতি ও নয়নতারার বিপরীতেও দেখা যাবে শাহরুখকে। আগামী বছরের ২ জুন ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জওয়ান।