প্রাচ্যনাট মঞ্চে আনছে ‘আগুনযাত্রা’
নাট্যদলটির ৪১তম প্রযোজনা এই নাটকটি।
নতুন নাটক মঞ্চে আনতে যাচ্ছে প্রাচ্যনাট। নাট্যদলটির ৪১তম প্রযোজনা ‘আগুনযাত্রা’ মঞ্চে আসবে মঙ্গলবার।
এদিন সন্ধ্যায় রাজধানীর নাটক সরণির মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।
ভারতের নাট্যকার মহেশ দাত্তানি’র লেখা ‘সেভেন স্টেপ এরাউন্ড দ্য ফায়ার’ থেকে অনুবাদ করেছেন শহীদুল মামুন। নাটকে রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।
প্রাচ্যনাট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১১ ও ১২ ডিসেম্বর নাটকটির কারিগরি প্রদর্শনী হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শুধু আমন্ত্রিতদের জন্য উদ্বোধনী মঞ্চায়ন হবে।
এই নাটকের মঞ্চ ও আলো পরিকল্পনা করেছেন সাইফুল ইসলাম। সঙ্গীত পরিকল্পনা করেছেন রাহুল আনন্দ। কোরিওগ্রাফি করেছেন স্নাতা শাহরিন। প্রপস পরিকল্পনা করেছেন তানজি কুন এবং পোশাক পরিকল্পনা করেছেন আফসান আনোয়ার। ভিডিও নির্মাণ ও প্রক্ষেপণে রয়েছেন শাহরিয়ার শাওন ও রিপন কুমার দাস ধ্রুব।
