কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিংক যাচ্ছে সৌদি আরবে
২০ জানুযারি রিয়াদের মিসুল পার্কে গাইবে ব্ল্যাকপিংক।
বদলে যাওয়ার পথে হাঁটা সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছে কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিংক। রিয়াদে তাদের কনসার্টের টিকেট বিক্রিও শুরু হয়েছে।
আরব নিউজ জানিয়েছে, আগামী বছরের ২০ জানুযারি রিয়াদের মিসুল পার্কে গাইবে ব্ল্যাকপিংক। এটাই সৌদি আরবে তাদের প্রথম কনসার্ট।
ব্ল্যাকপিংকের কনসার্টের টিকেট বিক্রি শুরু হবে মঙ্গলবার। টিকেট বিক্রি হবে দুটি ধাপে। ফ্যানক্লাবের সদস্যরা অগ্রাধিকার ভিত্তিতে ৮ নভেম্বর টিকেট কিনতে পেরেছেন। পরের ধাপে ১১ নভেম্বর দর্শকদের জন্য টিকেট বিক্রি করা হবে।
কে-পপ ব্যান্ডটি বিশ্ব সফরে বের হচ্ছে, তার অংশ হিসেবেই রিয়াদের এই কনসার্ট। এই সফরে ম্যানিলা, আবুধাবি, কুয়ালালামপুর, জাকার্তা, ব্যাংকক ও হংকংয়েও কনসার্ট করবে তারা।
জিসু, জেনি, রোজ ও লিসাকে নিয়ে মেয়েদের মিউজিক গ্রুপ ব্ল্যাকপিংকের যাত্রা শুরু ২০১৬ সালের ৮ অগাস্ট।
তাদের পাঁচটি মিউজিক ভিডিও ইউটিউবে ১০০ কোটি বার দেখা হয়েছে। ৮ কোটির বেশি সাবক্রাইবার রয়েছে তাদের।
