Published : 26 Sep 2022, 02:29 PM
ফেইসবুকের ওয়ালে নিজের ‘বিয়ের খবর’ অবিরাম জানিয়ে যাচ্ছেন টালিগঞ্জের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই বিয়ের কনে আবার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত!
বাস্তব জীবনে নয়, ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ সিনেমায় জুটি বাঁধতে চলছেন কলকাতার এই দুই অভিনয় শিল্পী।
ফেইসবুকে প্রসেনজিৎ বিয়ের তারিখ না জানালেও আনন্দবাজার বলছে আগামী ২৫ নভেম্বর ‘বিয়ের দিন’ পাকা। অর্থাৎ সেদিন পর্দায় নতুন রসায়ন দেখাতে আছেন জনপ্রিয় এই জুটি।
সিনেমারটির খবর অভিনব কায়দায় প্রথম জানান প্রসেনজিৎ। তার ফেইসবুকে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায় প্রসেনজিৎ অস্থির গলায় ‘ঋতু ঋতু’ বলে ডাকছেন। এত হাঁকডাকের পর অন্য একটি ঘর থেকে ঋতুপর্ণা বেরিয়ে এলে প্রসেনজিৎ বললেন, বিয়ের তারিখ ঠিক করতে হবে। এ কথা শুনে ঋতু তো ‘থ’।
নায়িকা তখন বলেন, “ছেলেমেয়ে বড় হয়ে গেছে, এর মধ্যে বিয়ের ডেট…।কি আজেবাজে বকছ!”
এরপর প্রসেনজিৎ বলেন, “আমাদের বিয়ের কথা থোড়াই বলছি… ওই যে…”।
এখানেই আটকে যায় ভিডিও। ফলে বিয়ের বাকিটা জানতে দেখতে হবে সিনেমা।
সম্রাট শর্মা পরিচালিত এ সিনেমা চমকে পরিপূর্ণ। সেখানে দেখা যাবে অভিনেতা ঋষভ বসুকে। এছাড়া ছোট পর্দার জনপ্রিয় মুখ ঈপ্সিতা মুখোপাধ্যায়েরও এই সিনেমায় মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে চলেছে।
তবে পরিচালক সিনেমার কাহিনী বা অন্য বিষয় নিয়ে এখন মুখ খুলতে রাজি নন বলে জানিয়েছে আনন্দবাজার।