১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

২০২২: আলোচিত বিয়ে এবং পুরনো বিয়ের নতুন খবর

দেশের বিনোদন জগতের কয়েকজন তারকা তাদের রিলেশনশিপ স্ট্যাটাস ‘সিঙ্গেল’ থেকে ‘ম্যারিড’ করার জন্য ফেলে আসা বছরটিকে কাজে লাগিয়েছেন। বছরজুড়ে সেসব বিয়ে আলোচনারও জন্ম দিয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2022, 09:18 PM

Updated : 31 Dec 2022, 10:21 AM

Image

গত বছরে গুণিন সিনেমার শুটিং করতে গিয়ে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও পরাণ- -দামালের নায়ক শরীফুর রাজের পরিচয় গড়ায় প্রণয়ে, সেখান থেকে পরিণয়। সে সময় সবাইকে আড়ালে রেখে নিজেরা নিজেরাই বিয়ে সেরেছিলেন পরীমনি ও রাজ। পরে চলতি বছর শুরুর মাসের ২৩ তারিখ, আত্মীয় বন্ধুদের নিয়ে পরীমনির বনানীর বাসায় ১০১ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি। বিয়েতে খয়োরি-সোনালী রঙের পোশাকে মোহনীয় সাজে ধরা দেন বর-কনে। 

Image

রাজকে প্রথম দেখার পর পরীমনির মনে হয়েছিল, ‘রাজের সাম্রাজ্যেতো রানি হওয়াই যায়’। যেই ভাবা সেই কাজ। রাজকে প্রথম প্রপোজ করে বসেন পরীমনিই। আর বিয়ের পর এই নায়িকার ভাষ্য, ‘বন্ধু না ভেবে নিজেদের স্বামী-স্ত্রী ভাবতে ভালোই লাগছে।“

Image

চলতি বছরে পরীমনি-রাজ কেবল সংসারই পাতার গল্পই লেখেননি, সেই গল্পে ঘরে এনেছেন নতুন অতিথিকেও। গত ১০ অগাস্ট পরীমনি-রাজের ঘর আলো করে জন্ম নেয় তাদের ছেলে ‘রাজ্য’।

Image

কুমিল্লার ছেলে সনি পোদ্দারের সঙ্গে মডেল ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম প্রেম করেছেন ছয় বছরের বেশি। এক সময়ে দুজনে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেন। ২ জানুয়ারি বসুন্ধরায় হলুদের অনুষ্ঠানে বসেন বর-কনে।

Image

বিয়ের আগে মিম বলেছিলেন, আর যাই হোক না কেন, বিয়ের দিন তার লাল রঙ চাইই চাই। ছবিতে দেখা গেল, ইচ্ছা পূরণ হয়েছে তার। ঘনিষ্ঠ জন ও মিডিয়া জগতের বন্ধুদের উপস্থিতিতে হিন্দু রীতি মেনে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে গত ৪ জানুয়ারি বিয়ে করে মিম ও সনি।

Image

বিয়েতে মিম পরেন ভারতীয় বাঙালি ডিজাইনার সব্যসাচীর নকশার লাল লেহেঙ্গা। টকটকে লাল এই লেহেঙ্গাজুড়ে পাথর, জরির এমব্রয়ডারি। সনি পোদ্দারে পরনে হালকা রঙের শেরওয়ানি, পেঁয়াজি রঙের উত্তরীয় ও পাগড়ি। দুজনের গলাতেই ফুলের মালা। 

Image

প্রথম স্বামী ফাহাদ জামালের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে জুলাই মাসে আসে ঢাকাই সিনেমার নায়িকা দিলারা হানিফ পূর্ণিমার বিয়ের খবর। জানা যায়, তিন বছরের প্রেম শেষে একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা আশফাকুর রহমান রবিনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন পূর্ণিমা।

Image

একজন হলেন গায়ক, অভিনেতা ও সংগীত পরিচালক এবং অন্যজন মডেল ও অভিনেত্রী। তারা প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম। একটি গানের শুটিং করতে গিয়ে পরস্পরের মনোযোগ কেড়েছিলেন তারা। ফলাফল নবযাত্রায় এই দুই তরুণ।

Image

শ্রীমঙ্গলে গত ২৯ আক্টোবর বিয়ের আনুষ্ঠানিকতার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হলে বেশ সাড়া ফেলেন প্রীতম আর শেহতাজ। আগের দিন হয় তাদের গায়ে হলুদ

Image

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলীর বিয়ে হয় ২০১৮ সালের ২০ জুলাই। ২০২০ সালের ২১ মার্চ সন্তান শেহজাদ বীরের মা হন বুবলী। আর এই সব খবর ও ছবি বুবলী প্রকাশ্যে আনেন চলতি বছরের অক্টোবরে। বর্তমানে এক ছাদের নিচে বুবলীর সাথে সংসার না করলেও যে খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন শাকিব খানও। সাংসারিক জটিলতা যাই হোক না কেন, নতুন বছরের শুরুতে পর্দায় এক সঙ্গে দর্শকদের সামনে হাজির হচ্ছেন শাকিব খান ও শবনম বুবলী।