১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিজয় দিবসে যা থাকছে টিভি পর্দায়

থাকছে সরাসরি অনুষ্ঠানও।

বিজয় দিবসে যা থাকছে টিভি পর্দায়

বিটিভিতে রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘তাহার সন্ধানে’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2023, 06:59 PM

Updated : 15 Dec 2023, 06:59 PM

বিজয় দিবস উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে নানা অনুষ্ঠান।

এ আয়োজনে নাটক, সিনেমা যেমন থাকছে, তেমনই আলোচনা, কবিতা, গানের মতো অনুষ্ঠানও থাকছে। থাকছে সরাসরি অনুষ্ঠানও।

বিটিভি

বাংলাদেশ টেলিভিশনে শনিবার রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘তাহার সন্ধানে’। এতে অভিনয় করেছেন ত্রপা মজুমদার, তনয় বিশ্বাস, আরমান পারভেজ মুরাদ, শেখ স্বপ্না, আকরাম খান, আদ্রিতাসহ আরও অনেকে।

Image

আয়োজনে কবিতাপাঠও রেখেছে বিটিভি

এছাড়াও বিজয় দিবসে বিটিভিতে প্রচারিত হবে দেশাত্মবোধক গান, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ দেখানো হবে সরাসরি। থাকছে বিশেষ সংগীতানুষ্ঠান, কবিতা পাঠের অনুষ্ঠান, স্মৃতিচারণ ও সাক্ষাৎকারসহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান নিয়ে সংগীতানুষ্ঠান, বাংলা চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, বঙ্গভবন থেকে সরাসরি রাষ্ট্রীয় সংবর্ধনা, বিশেষ নৃত্যানুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান ও আলোচনানুষ্ঠান।

দুরন্ত টিভি

শনিবার রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘যুদ্ধ জয়ের কথা’। অনুষ্ঠানটিতে মহান মুক্তিযোদ্ধাদের ‘অপারেশন জ্যাকপট’ অভিযানের ইতিহাস তুলে ধরা হয়েছে। 

Image

দুরন্ত টিভিতে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘যুদ্ধ জয়ের কথা’

সেই বীরত্বের গল্প শিশুদের শোনাবেন বীর মুক্তিযোদ্ধা ও অপারেশন জ্যাকপট-নৌ কমান্ডার এনামুল হক। তার সঙ্গে আলাপচারিতায় থাকবে শিশুশিল্পী শ্যাওলা ব্রততী আত্মজা। ‘যুদ্ধ জয়ের কথা’ পরিচালনা করেছেন শাহাদাৎ সেতু ও এ কে কমল। 

এছাড়াও সকাল ১০টায় প্রচারিত হবে চলচ্চিত্র ‘মেঘনার ৭১', দুপুর ৩টায় প্রচারিত হবে ‘আমার বন্ধু রাশেদ' ও রাত ১০ টায় প্রচারিত হবে ‘মানুষ'।

চ্যানেল আই

শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক গল্প নিয়ে বিশ বছর ধরে নির্মিত হয়ে আসছে সিরিজ নাটক ‘বাড়ি’। এবারের বিজয় দিবসে এ ধারাবাহিকের ২০তম পর্ব ‘স্মার্ট বাড়ি’ সম্প্রচার করা হবে শনিবার রাত ৭টা৪০ মিনিটে। 

এতে নাটকে অভিনয় করেছেন অভিনেতা আবুল হায়াত, মৌসুমী হামিদ, রওনক হাসানসহ অনেকে। নাটকটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।

Image

চ্যানেল আইয়ে ‘স্মার্ট বাড়ি’ দেখা যাবে রাত ৭টা৪০ মিনিটে। 

এদিন সকাল থেকে শুরু হবে বিজয় দিনের অনুষ্ঠান। সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হবে গান দিয়ে শুরুর বিশেষ পর্ব। এ পর্বে গান শোনাবেন ফেরদৌস আরা।

সকাল ১১টা ৫ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘বিজয় মেলা ২০২৩’। উদ্বোধনী পর্বে থাকবেন বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন অঙ্গণের বিশেষ ব্যক্তিবর্গ। মেলাটি সরাসরি সম্প্রচারিত হবে।

দুপুর আড়াইটায় প্রচার হবে নাসিরউদ্দীন ইউসুফ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘গেরিলা'।

Image

গেরিলা চলচ্চিত্রের একটি দৃশ্য

রাত ৯টা ৫০ মিনিটে দেখানো হবে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় হৃদয়ে মাটি ও মানুষ’র বিশেষ পর্ব।

রাত সোয়া ১০টায় প্রচার হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘বিপন্ন প্রকৃতি ১৯৭১’।

ওইদিন রাত ১টায় এবং সকাল ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ ‘তৃতীয় মাত্রা’। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করছেন জিল্লুর রহমান।

দীপ্ত টিভি

রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে বিশেষ টকশো ‘বিজয়ের ৫২'। আলোচক হিসেবে থাকবেন মুক্তিযোদ্ধা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল এবং স্বাধীনতাপদক ও পদ্মশ্রী পদকপ্রাপ্ত অবসরপ্রাপ্ত লে. কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির (বীরপ্রতীক)।

Image

বিশেষ টকশো ‘বিজয়ের ৫২' দেখাবে দীপ্ত টিভি

এর আগে সকাল ৯টায় দেখানো হবে তানভীর মোকাম্মেল পরিচালিত চলচ্চিত্র ‘চিত্রা নদীর পারে'। অভিনয় করেছেন তৌকির আহমেদ, আফসানা মিমি, মমতাজউদ্দীন আহমেদসহ অনেকেই।

বিকাল ৩টা ৪৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ থেকে ছায়ানট আয়োজিত অনুষ্ঠান ‘আমার বাংলা' দেখানো হবে সরাসরি।

আর বিকাল ৫টা ২৫ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমার গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘বিজয়ের গান'।

এনটিভি

মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ নাটক ‘কৃষ্ণপক্ষের রাত ছিল’ প্রচার হবে শনিবার রাত সাড়ে ৯টায়। অভিনয় করেছেন- অলঙ্কার চৌধুরী, ডলি জহুর, নরেশ ভুঁইয়া, এ কে আজাদ সেতু, রাকিব হাসান বাপ্পী।

Image

মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ নাটক ‘কৃষ্ণপক্ষের রাত ছিল’ দেখা যাবে এনটিভির পর্দায়।

এছাড়া বিজয়ের দিন সকাল সোয়া ৬টায় প্রচার হবে ‘কবিতায় মুক্তিযুদ্ধ' শীর্ষক অনুষ্ঠান। উপস্থাপনায় সৌমিত্র শেখর। অতিথি কবি রুবি রহমান, নির্মলেন্দু গুণ, কামাল চৌধুরী, রবিউল হুসাইন, মাহিদুল ইসলাম ও তামান্না ডেইজী। 

সকাল ৬টা ৫৫ মিনিটে দেখানো হবে তথ্যচিত্র ‘আপন পতাকা'। অংশ নিয়েছেন আ স ম আব্দুর রব, শিব নারায়ন দাস, বিরেণ সোম, মাহবুবে আলম ও মুনিরা ইউসুফ মেমী।  

সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘আমার দেশ আমার প্রেম'। পরিচালনায় সোহানুর রহমান সোহান। অভিনয়ে ইলিয়াস কাঞ্চন, দিতি, আলীরাজ, মাসুদ রানা, আবুল হায়াত, খলিল, আনোয়ার হোসেন, আনোয়ারাসহ অনেকেই।

আরটিভি

আপেল মাহমুদের কথা ও সুরে মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সমবেত কণ্ঠে গাওয়া – তীর হারা এই ঢেউয়ের সাগর- গানটি আরটিভি নতুনভাবে ধারণ করেছে।

অভিজিৎ চক্রবর্তী জিতুর মিউজিকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী লীনু বিল্লাহ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার ও সঙ্গীত পরিচালক ইমন সাহা, শওকত আলী ইমন এবং আরটিভি বাংলার গায়েন ও আরটিভি ইয়াং স্টার শিল্পীবৃন্দের সমবেত কণ্ঠে হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে গানটির শুটিং হয়। বিজয় দিবসের আগের দিন থেকেই গানটি প্রচার হচ্ছে।

শনিবার সকাল ১০টা ১০মিনিটে দেখানো হবে চলচ্চিত্র ‘বীর সৈনিক'। অভিনয় করেছেন মান্না, মৌসুমী, হুমায়ুন ফরিদীসহ অনেকে।

Image

বিশেষ নাটক ‘নিহত নক্ষত্র'র একটি দৃশ্য

রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ‘নিহত নক্ষত্র'। জিয়াউল ফারুক অপূর্ব, মুনিরা মিঠুসহ অনেকেই তাতে অভিনয় করেছেন।

মাছরাঙা টেলিভিশন

রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে টেলিফিল্ম ‘প্রেম ৭১’। মুক্তিযুদ্ধকালীন একটি প্রেমের গল্প নিয়ে নির্মিত এ টেলিফিল্মে অভিনয় করেছেন জোভান, তাসানিয়া ফারিন, এস এম মহসীন, সাবেরী আলমসহ অনেকেই।

Image

‘প্রেম ৭১’ টেলিফিল্মের একটি দৃশ্য।