১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডিমেনশিয়ায় আক্রান্ত ‘ডাই হার্ড’ অভিনেতা ব্রুস উইলিস

ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া বা এফটিডি আক্রান্ত হলে ব্যক্তির আচরণ, ব্যক্তিত্ব ও ভাষা ব্যবহারে প্রভাব পড়ে।

ডিমেনশিয়ায় আক্রান্ত ‘ডাই হার্ড’ অভিনেতা ব্রুস উইলিস

ব্রুস উইলিস

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2023, 09:33 PM

Updated : 17 Feb 2023, 10:03 PM

‘ডাই হার্ড’ তারকা ব্রুস উইলিস অ্যাফাসিয়ায় আক্রান্ত হয়ে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন আগেই; কয়েকমাস পর এবার তার ‘ডিমেনশিয়া’ ধরা পড়েছে।

বৃহস্পতিবার তার পরিবারের পক্ষ থেকে এই নতুন রোগের বিষয়টি জানানো হয় বলে সিএনএন এক খবরে জানিয়েছে।

৬৭ বছর বয়সী এই অভিনেতার পরিবার নতুন রোগে আক্রান্ত হওয়ার বিষয়টিকে ‘বেদনাদায়ক’ হিসেবে বর্ণনা করেছে। তবে রোগটি শনাক্ত হয়েছে, এটুকুই তাদের সান্ত্বনা।

সিএনএন লিখেছে, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ব্রুসের নতুন রোগের নাম ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া বা এফটিডি, যার এখনও কোনো চিকিৎসা বের হয়নি।

ফলে এই রোগটি নিয়ে সচেতনতার পাশাপাশি গবেষণার প্রয়োজন বলে মনে করছে ব্রুসের পরিবার।

বিবৃতিতে তারা বলেছে, “আজ এই রোগের কোনো চিকিত্সা নেই। আগামীতে এই কঠিন বাস্তবতার পরিবর্তন ঘটবে বলে আশা করছি।”

তবে ব্রুসের ডিমেনশিয়া কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পুরানো খবর:

অ্যাফাসিয়ায় আক্রান্ত ব্রুস উইলিস অভিনয়ে টানলেন ইতি

যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিকের তথ্য অনুযায়ী, ফ্রন্টোটেমপোরাল ডিমেনশিয়া বা এফটিডি মস্তিষ্কের কয়েকটি রোগের একটি গ্রুপের নাম, যা মস্তিষ্কের ফ্রন্টাল ও টেমপোরাল লোব সঙ্কুচিত করে একটি অংশকে ক্ষতিগ্রস্ত করে; আক্রান্ত ব্যক্তির আচরণ, ব্যক্তিত্ব ও ভাষা ব্যবহারে মারাত্মক প্রভাব ফেলে। 

২০২২ সালের মার্চে অভিনয়ে ইতি টানার ঘোষণা দিয়েছিলেন ব্রুস। তখনও তার পরিবারের পক্ষেই জানানো হয়েছিল যে তিনি অ্যাফেসিয়ায় আক্রান্ত।

সেই বিৃবতিতে বলা হয়েছিল, অ্যাফেসিয়া তার মস্তিষ্কের কর্মক্ষমতাকে প্রভাবিত করছে, আগামীতেও করতে পারে। এতে শব্দ উচ্চারণে এবং কথা বলতে অসুবিধা হচ্ছে ব্রুস উইলিসের। পাশাপাশি বিভিন্ন শারীরিক সীমাবদ্ধতা দেখা দেওয়ায় অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।

চলতি বছর জানুয়ারিতে তার ‘ডিটেকটিভ নাইট: ইন্ডিপেনডেন্স’ সিনেমাটি ‍মুক্তি পায়। থ্রিলার ধারার ‘ডিটেকটিভ নাইট’ ফ্র্যঞ্চাইজির তৃতীয় সিকুয়্যাল এটি। আগামী মার্চে অ্যাকশন ধারার আরেক সিনেমা ‘অ্যাসাসিন’ মুক্তির অপেক্ষায় রয়েছে।