১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশেও ‘শনিবার বিকেল’ দেখতে চাই: ডিরেক্টরস গিল্ড

বর্তমান সেন্সর আইনের পরিবর্তে সেন্সর গ্রেডেশন পদ্ধতি চালুর দাবিও জানিয়েছে টেলিভিশন নাট্য পরিচালকদের সংগঠনটির।

বাংলাদেশেও ‘শনিবার বিকেল’ দেখতে চাই: ডিরেক্টরস গিল্ড

শনিবার বিকেল সিনেমার পোস্টার

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 08:44 PM

Updated : 28 Aug 2022, 08:44 PM

মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘শনিবার বিকেল’ সিনেমাটির সেন্সর ছাড়পত্র না দেওয়ার প্রতিবাদ জানিয়েছে টেলিভিশন নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।

একই সঙ্গে বর্তমান সেন্সর আইনের পরিবর্তে সেন্সর গ্রেডেশন পদ্ধতি চালুর দাবিও জানায় সংগঠনটির কার্যনির্বাহী পরিষদ।

রোববার সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “তিন বছরের বেশি সময় ধরে ‘শনিবার বিকেল’ সেন্সর ছাড়পত্র পাচ্ছে না, এটা মুক্তচিন্তার জন্য সবচেয়ে বড় বাধা। সেন্সর বোর্ড এই সিনেমাটিকে সেন্সর ছাড়পত্র কেনো দিচ্ছে না, তা আমাদের কাছে পরিষ্কার না।”

ডিরেক্টরস গিল্ডের সহসভাপতি ফরিদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিজ্ঞপ্তিটিই ডিরেক্টরস গিল্ডের কার্য নির্বাহী পরিষদের অফিসিয়াল বক্তব্য। আমরা মনে করছি, বাংলা চলচ্চিত্রের উন্নতির স্বার্থে ‘শনিবার বিকেল’ মুক্তি দেওয়া উচিৎ।”

Image

শনিবার বিকেল সিনেমার একটি দৃশ্য।

গুলশান হামলার প্রেক্ষাপটে বাংলাদেশ-ভারত-জার্মান এই তিন দেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’। এই সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত, তিশা, ইরেশ যাকের এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

বিশ্বের বিভিন্ন দেশে চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রদর্শিত হলেও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এখনও ছাড়পত্র না দেওয়ায় দেশে এটি মুক্তি পায়নি।

এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছেন দেশের চলচ্চিত্র ও নাটকের কলাকুশলীরা। সিনেমাটির জন্য আদালতে যাওয়ার ঘোষণাও দিয়েছেন নির্মাতা সরয়ার ফারুকী।

পুরানো খবর:

‘শনিবার বিকেল’ নিয়ে আদালতে যাবেন ফারুকী

পুরানো খবর:

হেডলাইট জ্বালিয়ে দেখুন, ঠিক পথে কি না: ফারুকী

ক্ষুব্ধ এই চলচ্চিত্র নির্মাতা সম্প্রতি এক মতবিনিময় সভায় বলেন, “আমি শুধু বলবো, শিল্পকর্ম হল হেডলাইটের মতো। হেডলাইট বন্ধ করে যদি ভেবে নেন সামনে কোনো বিপদ নাই, তাহলে ভুল করবেন। বরং হেডলাইট জ্বেলে দেখুন, ঠিক পথে আছেন কি না?”

চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম ওই সভায় বলেছিলেণ, “সিনেমাটি নাকি দেশের ভাবমূর্তি ক্ষণ্ণ করবে? কিন্তু আমি মনে করি, এই ছবিটি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।”

Image

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী

ডিরেক্টরস গিল্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রায় ধ্বংস হতে যাওয়া সিনেমা যে কয়েকজন পরিচালক এখনও আশার আলো দেখাচ্ছে, যে ক’জন পরিচালক আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলা চলচ্চিত্রকে বিশেষভাবে পরিচয় করাতে সক্ষম হয়েছে, তাদের মধ্যে মোস্তফা সরয়ার ফারুকী অন্যতম। তার প্রায় সব সিনেমা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে গুরুত্বের সাথে প্রদর্শন করা হয়। অনেক সিনেমা পুরস্কৃত হয়েছে, যা আমাদের জন্য গর্বের।”

মস্কো চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন উৎসবে শনিবার বিকেল’র পুরস্কার জয়ের তথ্যটি তুলে ধরে এতে বলা হয়, “বাংলাদেশেও আমরা ‘শনিবার বিকেল’ সিনেমাটি দেখতে চাই। বাংলা সিনেমা উন্নতির ধারা অব্যাহত রাখার জন্য ‘শনিবার বিকেল’ এর সেন্সর ছাড়পত্র না দেওয়ায় প্রতিবাদ জানাচ্ছি।”