১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হেডলাইট জ্বালিয়ে দেখুন, ঠিক পথে কি না: ফারুকী

চলচ্চিত্র সেন্সর বোর্ড নিয়ে ক্ষোভ জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা-শিল্পীরা।

হেডলাইট জ্বালিয়ে দেখুন, ঠিক পথে কি না: ফারুকী

শনিবার বিকেল সিনেমার একটি দৃশ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2022, 12:06 AM

Updated : 26 Aug 2022, 12:06 AM

নিজের নির্মিত ‘শনিবার বিকেল’ সিনেমাটির সেন্সর ছাড়পত্র তিন বছরেও না হওয়ায় ক্ষুব্ধ মোস্তফা সরয়ার ফারুকী নীতি-নির্ধারকদের দিকে ছুড়েছেন প্রশ্নবান।

“আমি শুধু বলবো, শিল্পকর্ম হল হেডলাইটের মতো। হেডলাইট বন্ধ করে যদি ভেবে নেন সামনে কোনো বিপদ নাই, তাহলে ভুল করবেন। বরং হেডলাইট জ্বেলে দেখুন, ঠিক পথে আছেন কি না?”

‘হাওয়া’ নির্মাতা মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে বন বিভাগের মামলা, ‘শনিবার বিকেল’র সেন্সর ছাড়পত্র না দেওয়ার প্রতিবাদসহ নানা দাবিতে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্মাতা, শিল্পী, কলাকুশলীদের এক মতবিনিময় সভায় একথা বলেন এই চলচ্চিত্র নির্মাতা।

‘শনিবার বিকেল’ নির্মাতা ফারুকী বলেন, “কেন মুক্তি পাচ্ছে না শনিবার বিকেল? আমি নিজেও জানি না। সাড়ে তিন বছর ধরে সিনেমাটি আটকে রাখা হয়েছে।”

গুলশান হামলার ঘটনাকে উপজীব্য করে নির্মিত শনিবার বিকেল চলচ্চিত্রটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে-এমন আশঙ্কায় তা আটকে দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। তবে এই সিনেমাটি বিশ্বের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে, প্রশংসিতও হয়েছে।

বৃহস্পতিবারের মতবিনিময় সভায় সেন্সর বোর্ডের সমালোচনা করে চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম বলেন, “সেন্সর বোর্ডে আমিও সদস্য ছিলাম। সেন্সরের নামে সেখানে নানা রকম নিয়ন্ত্রণ আরোপ করা হয়। এখন নতুন সার্টিফিকেশন আইন করা হচ্ছে। সেটা আরও জঘন্য।”

Image

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী

ফারুকীর ‘শনিবার বিকেল’ ঘরোয়া প্রদর্শনীতে দেখেছেন জানিয়ে তিনি বলেন, “সিনেমাটি নাকি দেশের ভাবমূর্তি ক্ষণ্ণ করবে? কিন্তু আমি মনে করি, এই ছবিটি দেশের ভাবমূর্তি উজ্জল করবে।”

অভিনেতা জাহিদ হাসান শনিবার বিকেল সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “পুরো সিনেমাটা এক শটে নির্মাণ করা হয়েছে। আমরা মহড়া করে, খুবই মনোযোগ দিয়ে সিনেমাটি করেছি। এই সিনেমা তো রাশিয়াতে দেখানো হয়েছে। সেখানে দর্শক কেঁদেছে। বুঝলাম না কেন আটকে রাখা হয়েছে সিনেমাটিকে?”

পুরানো খবর:

সেন্সর বোর্ডে ঝুলেই থাকল ‘শনিবার বিকেল’

গুলশান হামলার ঘটনা তুলে ধরে জয়া আহসান বলেন, “আমার জন্মদিন ১ জুলাই, ওই ঘটনার পর আমি আর জন্মদিন পালন করতে পারি না, এতটাই ট্রমাটাইজড হয়ে আছি। শনিবার বিকেল সিনেমাটিকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক।”

আয়নাবাজি নির্মাতা অমিতাভ রেজা বলেন, “সিনেমা নিয়ে সমালোচনা করতে পারেন। ভালো না লাগার কথা কড়া ভাষায় লিখতে পারেন, বলতে পারেন। কিন্তু এখন যা হচ্ছে, সেটা ভালো কিছু নয়। সিনেমা বানাতে গেলে আমাদের ভয়ের মধ্যে থাকতে হয়। আমরা ভয়ের সংস্কৃতি থেকে মুক্তি চাই। নিজের মতো গল্প বলার স্বাধীনতা চাই।”

Image

‘বাংলা চলচ্চিত্র বা কনটেন্টে সেন্সরশিপ খড়গ, গল্প বলার স্বাধীনতা চাই’ শিরোনামে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মতবিনিময় সভায় শিল্পী-কলাকুশলীরা, যাতে 'হাওয়া' সিনেমার বিরুদ্ধে মামলা তুলে নিতে দাবি জানানো হয়

পুরানো খবর:

‘গল্প বলার স্বাধীনতা’ চেয়ে নির্মাতা-শিল্পীদের সভা

কামার আহমেদ সাইমন বলেন, “টিভি নাটক, ইউটিউব কন্টেন্ট কোথাও সেন্সর ছাড়পত্র নেওয়ার বাধ্যবাধকতা নাই। শুধু চলচ্চিত্রের জন্য সেন্সর ছাড়পত্র নিতে হয়। সেন্সর আইনটিতেও অনেক রকম জটিলতা রয়েছে। সেন্সর বোর্ডের সদস্যরা ছাড়পত্র দেওয়ার পর বোর্ডের চেয়ারম্যান আবার সেটি বাতিল করতে পারেন। এটা কেমন কথা?

“৬৪ জেলার প্রশাসকও সিনেমার প্রদর্শনী বাতিল করে দিতে পারেন। সেন্সর ছাড়পত্র নেওয়ার পরও মামলার মুখোমুখি হতে হয়।”

কাঁটাতারের বেড়ার আদলে সেট তৈরি করে সেই মঞ্চে বসে এই সভায় নির্মাতা ও শিল্পীরা ‘হাওয়া’র বিরুদ্ধে মামলা তোলার, ‘শনিবার বিকেল’কে মুক্ত করার দাবি জানান।